সিলেটে শামীম গ্রেপ্তার: আ.লীগ পুনর্বাসন কাণ্ডে বিতর্ক তুঙ্গে! | তদন্ত রিপোর্ট

শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:

জাতীয় সাপ্তাহিক তদন্ত রিপোর্ট পত্রিকায় সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে।

সিলেটে শামীম গ্রেপ্তার: আ.লীগ পুনর্বাসন কাণ্ডে বিতর্ক তুঙ্গে!

সিলেটে শামীম গ্রেপ্তার: আ.লীগ পুনর্বাসন কাণ্ডে বিতর্ক তুঙ্গে!

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক: ২০২৪ সালের জুলাইয়ের ছাত্র-জনতার আন্দোলনে হামলার মামলায় সিলেটের খাদিমনগর ইউনিয়নের আওয়ামী লীগ নেতা শামীম আহমদকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে সাহেবের বাজার এলাকায় অভিযান চালিয়ে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) এয়ারপোর্ট থানা পুলিশ তাঁকে আটক করে। এই গ্রেপ্তারের পরপরই শামীম আহমদের বিএনপিতে কথিত রাজনৈতিক পুনর্বাসন এবং এর প্রতিবাদ করায় যুবদল ও ছাত্রদলের দুই নেতাকে বহিষ্কারের পুরোনো অভিযোগ নতুন করে সিলেটের স্থানীয় রাজনীতিতে তীব্র আলোচনার জন্ম দিয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার শামীম আহমদ খাদিমনগর ইউনিয়নের কান্দিপাড়া গ্রামের মৃত আব্দুল মন্নানের ছেলে। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের খাদিমনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড কমিটির ধর্মবিষয়ক সম্পাদক এবং একই ওয়ার্ডের শ্রমিক লীগ কমিটির কোষাধ্যক্ষ ছিলেন। পুলিশ আরও জানায়, ২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগে এসএমপির জালালাবাদ থানায় দায়ের করা মামলায় (মামলা নম্বর ৭, তারিখ ১১ সেপ্টেম্বর ২০২৪) তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

Manual2 Ad Code

স্থানীয় একাধিক সূত্রের দাবি, আওয়ামী লীগ সরকারের পতনের পর শামীম আহমদ রাজনৈতিক অবস্থান পরিবর্তন করে বিএনপির রাজনীতিতে সক্রিয় হওয়ার চেষ্টা চালান। সূত্রগুলোর অভিযোগ, সিলেট সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক জাহেদ আহমদ তাঁকে দলের ভেতরে পুনর্বাসনের সুযোগ করে দেন। তবে একজন চিহ্নিত আওয়ামী লীগ ও শ্রমিক লীগ নেতার এমন রাজনৈতিক অবস্থান বদল নিয়ে শুরু থেকেই স্থানীয় নেতাকর্মীদের একাংশের মধ্যে অসন্তোষ ছিল।

স্থানীয় সূত্র ও বহিষ্কৃত নেতাদের ভাষ্য অনুযায়ী, গত জাতীয় সংসদ নির্বাচনের আগে ডিসেম্বরে খাদিমনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ৭ নম্বর ওয়ার্ডের ইলিয়াস আলী মেম্বারের বাড়িতে একটি আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অভিযোগ রয়েছে, ওই অনুষ্ঠানে বিএনপির জ্যেষ্ঠ নেতাকর্মীদের অনেকে দাঁড়িয়ে থাকলেও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত কয়েকজন সামনের সারিতে বসেছিলেন। তাঁদের একটু সরে বসার অনুরোধ জানালে শামীম আহমদ ক্ষুব্ধ হন এবং ছাত্রদল নেতাকর্মীদের সঙ্গে তাঁর বাগ্‌বিতণ্ডা হয়। পরে সদর উপজেলা যুবদলের তৎকালীন যুগ্ম আহ্বায়ক মঈন উদ্দিন হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

অভিযোগ উঠেছে, ওই ঘটনার জেরে শামীম আহমদ স্থানীয় আল-ইসলাহ নেতাদের সঙ্গে নিয়ে মঈন উদ্দিন এবং সিলেট জেলা ছাত্রদলের তৎকালীন সহসাধারণ সম্পাদক সালাহউদ্দিন ইমরানের বিরুদ্ধে লাঞ্ছনার ও আল-ইসলাহের সঙ্গে বিরোধ সৃষ্টির অভিযোগ তোলেন। বহিষ্কৃত এই দুই নেতার দাবি, জাহেদ আহমদের হস্তক্ষেপে এবং ব্যক্তিগত আক্রোশের বশবর্তী হয়েই তাঁদের দুজনকে স্ব-স্ব সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়।

Manual6 Ad Code

সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, পরবর্তী সময়ে স্থানীয় মুরব্বি ও আল-ইসলাহ নেতাদের মধ্যস্থতায় শামীম আহমদের সঙ্গে ভুল-বোঝাবুঝির অবসান ঘটে এবং আল-ইসলাহের সঙ্গে তাঁদের কোনো বিরোধ ছিল না বলেও স্পষ্ট করা হয়।

এখন জুলাই আন্দোলনে হামলার মামলায় শামীম আহমদের গ্রেপ্তারের পর স্থানীয় বিএনপির নেতাকর্মীদের একাংশের মধ্যে নতুন করে প্রশ্ন দানা বেঁধেছে। তাঁদের ভাষ্য, মধ্যস্থতার মাধ্যমে বিরোধের নিষ্পত্তি হয়ে থাকলে মঈন উদ্দিন ও সালাহউদ্দিন ইমরানের বহিষ্কারের যৌক্তিকতা কী ছিল? নিষিদ্ধ আওয়ামী লীগের একজন নেতার পুনর্বাসন নিয়ে প্রশ্ন তোলাই কি তাঁদের বহিষ্কারের নেপথ্য কারণ ছিল? দলীয় আদর্শ ও সাংগঠনিক শৃঙ্খলার চেয়ে ব্যক্তিগত প্রভাব বড় হয়ে উঠছে কি না তা নিয়েও সরব হয়েছেন স্থানীয় কর্মীদের অনেকে।

Manual8 Ad Code

রাজনৈতিক পুনর্বাসন ও দুই নেতার বহিষ্কারের এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত নেতা জাহেদ আহমদসহ সংশ্লিষ্ট সাংগঠনিক নেতৃত্বের আনুষ্ঠানিক অবস্থান কী, তা জানতে স্থানীয় রাজনৈতিক মহলে এখন তীব্র কৌতূহল তৈরি হয়েছে।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Comments are closed.

Add



© All rights reserved © tadantareport.com
Design BY Web WORK BD
ThemesBazar-Jowfhowo
Manual1 Ad Code
Manual5 Ad Code