নিজস্ব প্রতিবেদক, সিলেট: সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) আওতাধীন চালিবন্দর এলাকায় পাইপলাইনের পানির তীব্র সংকট ও চরম অব্যবস্থাপনায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। নিয়মিত কর ও পানির বিল পরিশোধ করা সত্ত্বেও নাগরিকদের এই মৌলিক অধিকার থেকে বঞ্চিত রাখায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বজ্ঞানহীনতা নিয়ে তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
দীর্ঘদিন ধরে চালিবন্দর এলাকায় পানি সরবরাহে চরম অনিয়ম এবং সরবরাহকৃত পানির নিম্নমান নাগরিকদের দৈনন্দিন জীবনযাত্রা স্থবির করে তুলেছে। রান্না, গোসলসহ নিত্যপ্রয়োজনীয় কাজে চাহিদামাফিক পানি না পাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন শিশু, প্রবীণ ও রোগাক্রান্ত পরিবারের সদস্যরা। বাধ্য হয়ে বাসিন্দাদের দূরদূরান্ত থেকে পানি সংগ্রহ করতে হচ্ছে অথবা বাড়তি অর্থ খরচ করে বিকল্প পানির সংস্থান করতে হচ্ছে।
নাগরিকদের অভিযোগ, সমস্যার বিষয়ে একাধিকবার দৃষ্টি আকর্ষণ করা হলেও কার্যকর ও টেকসই কোনো পদক্ষেপ গ্রহণ করেনি সিসিক। ফলে কর্তৃপক্ষের নজরদারি এবং নাগরিক সেবার সদিচ্ছা নিয়ে প্রশ্ন উঠেছে জনমনে।
জনসাধারণের মূল দাবিগুলো, চালিবন্দর এলাকার সামগ্রিক পানি সরবরাহ ব্যবস্থা দ্রুত সরেজমিনে পরিদর্শন। সংকটের প্রকৃত কারণ উদঘাটন এবং পাইপলাইনের ত্রুটি চিহ্নিত করে দ্রুত সংস্কার। বিশুদ্ধ ও পর্যাপ্ত পানি সরবরাহ নিশ্চিতকরণে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ। পানি সরবরাহকারী সংশ্লিষ্ট দপ্তরের জবাবদিহি নিশ্চিত করা।
সচেতন মহলের মতে, নাগরিক সুবিধার অন্যতম প্রধান ভিত্তি হলো নিরাপদ পানি। ফলে কোনো ধরনের গড়িমসি বা সাময়িক আশ্বাস নয়, দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমেই কেবল এই সংকটের সমাধান সম্ভব।
চালিবন্দরের বিদ্যমান পানি সংকট ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনার বিষয়ে জানতে সিলেট সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি; সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে সংযুক্ত করা হবে।