ছাতকে ‘ফ্যাসিস্ট’ তকমায় ৩১৪ একরের জলমহালে লণ্ডনী চক্রের থাবা! | তদন্ত রিপোর্ট

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:

জাতীয় সাপ্তাহিক তদন্ত রিপোর্ট পত্রিকায় সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে।

সংবাদ শিরোনাম
ছাতকে ‘ফ্যাসিস্ট’ তকমায় ৩১৪ একরের জলমহালে লণ্ডনী চক্রের থাবা! ওসমানী’র অঘোষিত সম্রাজ্ঞী নার্স বৈশাখী! গোয়াইনঘাটে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন: ঘাতক গ্রেপ্তার!  এএসআই সুহেল যাত্রীদের কম্বল গেল কই? সিলেটে শামীম গ্রেপ্তার: আ.লীগ পুনর্বাসন কাণ্ডে বিতর্ক তুঙ্গে! ​‘তদন্ত রিপোর্ট’ দখল মিশনে আশিক-মমিনের ভাড়াটে ক্যাডার কামাল! তদন্ত রিপোর্ট’ সম্পাদক রায়হানের বিরুদ্ধে অপপ্রচারকারী কামালকে প্রকাশ্য চ্যালেঞ্জ! সিলেটে পুলিশের উপস্থিতিতেই দেড় কোটি টাকার বাড়িতে তালা! শাহপরাণ পুলিশের অভিযানে বড় কম্বলের চালানসহ গ্রেপ্তার ২ বদরুল সিন্ডিকেটে জিম্মি ওসমানী মেডিকেলের স্বাস্থ্যসেবা!
ছাতকে ‘ফ্যাসিস্ট’ তকমায় ৩১৪ একরের জলমহালে লণ্ডনী চক্রের থাবা!

ছাতকে ‘ফ্যাসিস্ট’ তকমায় ৩১৪ একরের জলমহালে লণ্ডনী চক্রের থাবা!

Oplus_16908288

Manual2 Ad Code

বিশেষ প্রতিবেদক, সুনামগঞ্জ: সরকারের পটপরিবর্তন হলেও সুনামগঞ্জের ছাতকে বিন্দুমাত্র কমেনি চিহ্নিত ভূমিখেকো ও মামলাবাজ চক্রের দৌরাত্ম্য। বিগত আওয়ামী লীগ সরকারের পুরো দেড় দশক তৎকালীন মন্ত্রী, সংসদ সদস্য এবং সাবেক আইজিপি ও ডিএমপি কমিশনারের মতো প্রভাবশালী পুলিশ কর্তাদের সঙ্গে প্রকাশ্য সখ্যতা গড়ে এলাকায় একচ্ছত্র দাপট দেখানো লণ্ডনী আব্দুল দয়াছ ও তার ভাই আব্দুল ওয়াহিদ গং এখন সময় বুঝে খোলস পাল্টেছেন। নতুন রূপে মাঠে নেমে এবার সরকারি বিধি মেনে ইজারাকৃত ৩১৪ দশমিক ১০ একরের বিশাল ‘পাগনা বড়বিল (বদ্ধ)’ জলমহাল গিলে খাওয়ার মরিয়া অপতৎপরতায় নেমেছে এই সংঘবদ্ধ সিন্ডিকেট।

বৈধ ইজারাদার ‘সোনারতরী মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড’-এর কাছে ফোনে চাঁদা দাবি, অবৈধ জাল বসিয়ে মাছ লুট এবং সর্বশেষ রাতের আঁধারে বিলের বাঁধ কেটে প্রায় ১০ লক্ষ টাকার নাশকতা চালানোর গুরুতর অভিযোগ উঠেছে এই চক্রের বিরুদ্ধে। আরও চাঞ্চল্যকর বিষয় হলো, নিজেরা বিগত সরকারের শীর্ষ সুবিধাভোগী হওয়ার অকাট্য প্রমাণ থাকা সত্ত্বেও, নেপথ্যে থেকে ভাড়াটে লোকজনকে ঢাল বানিয়ে উল্টো বৈধ ইজারাদারকেই ‘ফ্যাসিস্টের দোসর’ তকমা দিয়ে জেলা প্রশাসকের কাছে মিথ্যা অভিযোগ সাজাচ্ছে তারা।

সরকারি নথিপত্র পর্যালোচনায় দেখা যায়, জেলা জলমহাল ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্ত ও সিলেট বিভাগীয় কমিশনারের অনুমোদনের প্রেক্ষিতে গত ২০ এপ্রিল ২০২৬ সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় (রাজস্ব শাখা) থেকে ছাতক উপজেলাধীন ‘পাগনা বড়বিল (বদ্ধ)’ জলমহালটি ১৪৩৩ থেকে ১৪৩৫ বাংলা সন (৩ বছর মেয়াদী) পর্যন্ত সোনারতরী মৎস্যজীবী সমবায় সমিতির অনুকূলে ইজারা দেওয়া হয়। বার্ষিক ১৬ লক্ষ ১৩ হাজার ৪৮৫ টাকা ইজারামূল্য এবং অতিরিক্ত ১০ শতাংশ আয়কর ও ১৫ শতাংশ ভ্যাট পরিশোধের শর্তে ইজারা চূড়ান্ত হওয়ার পর গত ২৯ জুন ২০২৬ জগঝাপ ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা নিখিল চন্দ্র পুরকায়স্থ সরেজমিনে উপস্থিত হয়ে জালিয়া মৌজার দাগ ৯০৪, ১২০১ ও ২৪৩৬ দাগের মোট ৩১৪ দশমিক ১০ একর জলমহালের আনুষ্ঠানিক দখলনামা সমিতির সভাপতি মিরাশ আলীকে বুঝিয়ে দেন।

Manual2 Ad Code

অভিযোগ রয়েছে, বৈধ দখলনামা পাওয়ার পর থেকেই আব্দুল ওয়াহিদ গং ফোনে মিরাশ আলীকে হুমকি দিয়ে আসছে, তাদের চাঁদা না দিলে ও মনঃপূত না হলে জলমহাল ভোগ করতে দেওয়া হবে না। এরই ধারাবাহিকতায় ছাতারপই গ্রামের আনছার মিয়া গং বিলের ৮ থেকে ১০ ফুট পানির মধ্যে অবৈধ নেটজাল, চায়না ছাই ও কারেন্ট জাল বসিয়ে নির্বিচারে মাছ লুট শুরু করে। এ বিষয়ে ১৫ অক্টোবর ছাতক ইউএনও’র কাছে অভিযোগ করলে ১৮ অক্টোবর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অভিযান চালিয়ে অবৈধ জালগুলো অপসারণ করে স্থানীয় জনপ্রতিনিধির জিম্মায় দেন। কিন্তু কর্মকর্তা ঘটনাস্থল ছাড়তেই চক্রটি বেপরোয়া হয়ে রাতের আঁধারে জলমহালের বাঁধ কেটে দেয়। এতে আনুমানিক ১০ লক্ষ টাকার মাছ বেরিয়ে যাওয়ার উপক্রম ও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। পরে মৎস্য কর্মকর্তা ও তপশীলদারের নির্দেশে বাঁশের খুঁটি ও মাটি দিয়ে বাঁধটি পুনরায় মেরামত করা হয়।

অনুসন্ধানে দেখা গেছে, সরকারি অভিযান ও নিজেদের অপকর্ম আড়াল করতে গত ২৯ অক্টোবর ২০২৬ একই দিনে সুনামগঞ্জ জেলা প্রশাসক বরাবর সোনারতরী সমিতির বিরুদ্ধে পৃথক দুটি অভিযোগ দায়ের করা হয়। সমিতির দাবি, পর্দার আড়াল থেকে কলকাঠি নেড়ে আব্দুল ওয়াহিদই ছাতারপই গ্রামের আনছার মিয়া ও শান্তিগঞ্জের হরিনগর মৎস্যজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মিসবাহ উদ্দিনকে মাঠে নামিয়েছেন।

যে ১৮ অক্টোবর সিনিয়র মৎস্য কর্মকর্তা অভিযান চালিয়ে আনছার মিয়া গংয়ের অবৈধ জাল জব্দ করেছিলেন, সেই দিনটির ঘটনাকেই পুরোপুরি উল্টে দিয়েছেন আনছার মিয়া। নিজেকে গরিব কৃষক দাবি করে তিনি অভিযোগ করেন, গত ১০ বছর ধরে ‘ডুবি’ নামক স্থানে তিনি মাছ চাষ করছেন এবং ১৮ অক্টোবর মিরাশ আলী, সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা লুৎফুর রহমান ও ছাতক উপজেলা আওয়ামী লীগ নেতা আলী আসকরের নেতৃত্বে লোকজন তার নেট-খুঁটি তুলে নিয়ে ১০ লক্ষ টাকার মাছ লুট করেছে। পাশাপাশি বিগত ১৭ বছর ‘ফ্যাসিস্ট সরকারের প্রভাবে’ সমিতিটি বিল দখল করে আছে বলে রাজনৈতিক তকমা জুড়ে দেন তিনি।

একই দিন অপর অভিযোগে মিসবাহ উদ্দিন দাবি করেন, সোনারতরী সমিতির ইজারার বিরুদ্ধে তিনি ১৮ আগস্ট হাইকোর্টে রিট পিটিশন (নং- ১১৫৬৩/২০২৬) দায়ের করেছেন এবং ১৫ সেপ্টেম্বর আদালত ‘রুল অব অর্ডার’ জারি করেছেন। তবে হাইকোর্টের কজ লিস্ট হিস্ট্রি যাচাইয়ে দেখা যায়, বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি এ.এফ.এম. সাইফুল করিমের বেঞ্চ ওই রিটে কেবল একটি সাধারণ ‘রুল’ (Rule) জারি করেছেন; ইজারা কার্যক্রমের ওপর কোনো স্থগিতাদেশ দেননি।

বৈধ ইজারাদারকে ‘ফ্যাসিস্ট’ তকমা দিয়ে ঘায়েল করার অপচেষ্টা চালালেও অনুসন্ধানে পাওয়া সামাজিক যোগাযোগমাধ্যমের স্ক্রিনশট ও জনসভার পোস্টার বলছে ভিন্ন কথা। নেপথ্যের মূল হোতা লণ্ডনী আব্দুল দয়াছ নিজেই ছিলেন বিগত আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী মন্ত্রী, এমপি ও বিতর্কিত শীর্ষ পুলিশ কর্তাদের অত্যন্ত ঘনিষ্ঠজন।

২০২৩ সালের ৬ জানুয়ারি আব্দুল দয়াছ নিজের ফেসবুক আইডি থেকে তৎকালীন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের সঙ্গে ছবি পোস্ট করেন। বেইলি রোডে রাসেল আহমদ সরদারকে নিয়ে দেওয়া ওই পোস্টে তিনি গর্বভরে লেখেন, মন্ত্রীর সরকারি বাসভবনে অনেকদিন পর দীর্ঘ সময় সৌহার্দ্যপূর্ণ আলোচনা করে তার বেশ ভালো লেগেছে।

Manual2 Ad Code

২০১৮ সালের ৪ আগস্ট আরেকটি ফেসবুক পোস্টে তৎকালীন আইজিপি মো. জাভেদ পাটোয়ারীর সঙ্গে ঘনিষ্ঠ আলাপচারিতার ছবি প্রকাশ করেন দয়াছ। সেখানে তৎকালীন ডিএমপি কমিশনার (অতিরিক্ত আইজিপি) মো. আসাদুজ্জামান মিয়াকে সরাসরি নিজের ‘বন্ধু’ উল্লেখ করে তিনি লেখেন, আসাদুজ্জামান মিয়ার ভাইয়ের মেয়ের বিয়ের অনুষ্ঠানে আইজিপির সঙ্গে তার দীর্ঘ ও চমৎকার কথোপকথন হয়েছে।

২০১৬ সালের ২৪ জানুয়ারি ছাতারপই গ্রাম সংলগ্ন উত্তরের মাঠে আয়োজিত এক ‘বিশাল জনসভা’র মূল সহযোগী ও স্বাগত বক্তা ছিলেন আব্দুল দয়াছ। ওই সভার পোস্টারে প্রধান অতিথি ছিলেন তৎকালীন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি এবং প্রধান বক্তা সুনামগঞ্জ-৫ আসনের আওয়ামী লীগ দলীয় এমপি মুহিবুর রহমান মানিক। সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এম. রশিদ আহমদের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন তৎকালীন জেলা পরিষদ প্রশাসক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন, ছাতক ও দক্ষিণ সুনামগঞ্জের উপজেলা চেয়ারম্যানদ্বয় এবং তৎকালীন ডিসি ও এসপিসহ প্রশাসনের শীর্ষ কর্তারা।

স্থানীয়দের অভিযোগ, দেড় দশক আওয়ামী মন্ত্রী-এমপি ও শীর্ষ পুলিশ কর্তাদের নাম-ছবি ভাঙিয়ে ক্ষমতার দাপট দেখানো এই ব্যক্তিই এখন রাজনৈতিক বাতাস বুঝে উল্টো অন্যদের ওপর ‘ফ্যাসিস্ট’ তকমা চাপাচ্ছেন।

নথি ও অভিযোগপত্রের সূত্র ধরে বেরিয়ে এসেছে দয়াছ-ওয়াহিদ চক্রের দীর্ঘদিনের দখলদারিত্ব ও মামলাবাজির চাঞ্চল্যকর তথ্য। অতীতে সাবেক আইজিপি নূর মোহাম্মদ, দুদকের সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন এবং সাবেক মন্ত্রী এম এ মান্নানের নাম ভাঙিয়ে বিভিন্ন সরকারি দপ্তরে প্রভাব খাটানো ও সাধারণ মানুষকে মিথ্যা মামলায় জেল খাটানোর অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

শান্তিগঞ্জ উপজেলার বশিরপুর মৌজায় প্রায় ১০ একর বিল শ্রেণির সরকারি জমি দখল করে বাড়ি ও পুকুর নির্মাণ করে পানি নিষ্কাশন বন্ধ করায় ২০০৮-০৯ সালে জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার ও ভূমি আপিল বোর্ড উচ্ছেদসহ প্রায় ৮ লক্ষ টাকা জরিমানার আদেশ দেয়। কিন্তু আওয়ামী প্রভাব খাটিয়ে আব্দুল দয়াছ (পিতা: আব্দুল জলিল) ২০১০ সালে হাইকোর্টে রিট পিটিশন (নং- ৫৪৮৮/২০১০) করে স্থগিতাদেশ বাগিয়ে নেন। কজ লিস্ট অনুযায়ী, ১৬ বছর পেরিয়ে ২০২৬ সালের ৪ নভেম্বর পর্যন্ত মামলাটি ঝুলে রয়েছে, আর এই সুযোগেই দেড় দশকের বেশি সময় ধরে সরকারি জমি ভোগদখল করে যাচ্ছেন তিনি।

Manual4 Ad Code

একই কায়দায় পাগনা বড়বিলের ৯০৪ ও ১২০১ দাগের সরকারি জমিতেও আব্দুল ওয়াহিদ গং অবৈধভাবে বাড়ি, কৃষিজমি ও বাণিজ্যিক পুকুর খনন করে মাছ চাষ করছেন বলে অভিযোগ রয়েছে। অথচ ইউএনও’র নির্দেশে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ও জগঝাপ ভূমি অফিসের তপশীলদারের সরেজমিন তদন্তে স্পষ্ট উল্লেখ করা হয়েছে, ৯০৪ দাগের বিল শ্রেণির জমিতে কোনো রেকর্ডীয় ভূমি নেই। এর আগে ১৪২৪–১৪৩০ বাংলা সনে ইজারাকালেও বিল দখলের ঘটনায় ২০২২ সালের ২৬ অক্টোবর মিরাশ আলী বাদী হয়ে আব্দুল ওয়াহিদকে প্রধান আসামি করে ১২ জনের বিরুদ্ধে সি.আর মামলা (নং- ৪২৩/২০২২) দায়ের করেন। আদালত ছাতক থানার ওসিকে এটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিলেও চক্রটির দাপটে সমিতি আপোষে বাধ্য হয়। তাদের এই মামলাবাজির কারণেই ১৪৩১ ও ১৪৩২ বাংলা সনে মোটা অঙ্কের রাজস্ব হারিয়েছে সরকার।

ভূমিখেকো চক্রের লাগাতার হুমকি, বাঁধ কর্তনের নাশকতা ও মিথ্যা অভিযোগের হাত থেকে রেহাই পেতে গত ১৬ নভেম্বর ২০২৬ ১০ ফর্দ প্রমাণপত্র সংযুক্ত করে সিলেট বিভাগীয় কমিশনার বরাবর লিখিত আবেদন করেছেন সোনারতরী মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি মিরাশ আলী। আবেদনে তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, প্রশাসন এই চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে বৈধ ইজারাদার আর্থিকভাবে চরম ক্ষতিগ্রস্ত হবে, সরকার হারাবে বিপুল রাজস্ব এবং বশিরপুর মৌজার মতো একসময় সরকারি পাগনা বড়বিলও এই সিন্ডিকেটের পেটে চলে যাবে।

Manual1 Ad Code

এদিকে, এসব অভিযোগ বিষয়ে জানতে চেষ্টা করেও উভয় প্রবাসে থাকায় যোগাযোগ করা যায় নি বিধায় বক্তব্য মিলেনি।

সরকারি বৈধ ইজারা ও দখলনামা থাকার পরও অতীতে ক্ষমতার ছায়ায় থাকা একটি চিহ্নিত চক্র কীভাবে রাতের আঁধারে বাঁধ কাটে এবং ভোল পাল্টে একের পর এক পাল্টা অভিযোগের নাটক সাজায়, তা নিয়ে স্থানীয় প্রকৃত মৎস্যজীবীদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। এখন দেখার বিষয়, সরকারি রাজস্ব ও ৩১৪ একরের এই বিশাল জলমহাল রক্ষায় সিলেট বিভাগীয় ও সুনামগঞ্জ জেলা প্রশাসন এই ‘রং বদলানো’ সিন্ডিকেটের বিরুদ্ধে কত দ্রুত কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Comments are closed.

Add



© All rights reserved © tadantareport.com
Design BY Web WORK BD
ThemesBazar-Jowfhowo
Manual1 Ad Code
Manual7 Ad Code