নিজস্ব প্রতিবেদক: তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা সফরসঙ্গী হিসেবে যুক্তরাজ্য সফর এবং পরবর্তীতে নানা বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের মাত্র চার দিনের মাথায় বদলি করা হয়েছে পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) মো. নাজিমুল হককে।
গত মঙ্গলবার (২৪ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাঁকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয় থেকে সরিয়ে রিজার্ভ রেঞ্জ ফোর্স (আরআরএফ), সিলেটের কমান্ড্যান্ট হিসেবে পদায়ন করা হয়েছে।
সম্প্রতি ‘শেখ হাসিনার নিরাপত্তা সফরসঙ্গী নাজিমুল এখনো আছেন বীরদর্পে’ শিরোনামে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে প্রশাসনের ভেতরে ও বাইরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এর পরপরই তাঁর বদলির এই আদেশ এলো।
পুলিশের অফিশিয়াল পার্সোনাল ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেমের (পিআইএমএস) তথ্য অনুযায়ী, ২০১৯ সালের ১ থেকে ১১ মে পর্যন্ত তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা দলের সদস্য হিসেবে যুক্তরাজ্য সফর করেন নাজিমুল হক। ওই সফরে তাঁর দায়িত্ব পালনের বিষয়ে ২০১৯ সালের ২৮ এপ্রিল প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি দাপ্তরিক স্মারকও রয়েছে।
সংশ্লিষ্ট সূত্রগুলোর অভিযোগ, শেখ হাসিনার সরকারের আমলে পদোন্নতি ও সুবিধা নেওয়ার পর পরিবর্তিত পরিস্থিতিতে নিজেকে ‘বিএনপিপন্থি’ হিসেবে পরিচয় দিতে শুরু করেন নাজিমুল। এমনকি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে নিজের ঘনিষ্ঠতার কথাও প্রচার করতেন তিনি। তবে যুক্তরাজ্য সফরের সরকারি নথি প্রকাশ্যে আসার পর তাঁর এই ভোলবদল ও অবস্থান নিয়ে তীব্র প্রশ্ন ওঠে।
২০০৫ সালের ২ জানুয়ারি সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে পুলিশ বাহিনীতে যোগ দেওয়া নাজিমুল হক ২০২৪ সালের ২৪ সেপ্টেম্বর অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পান। এর আগে তিনি শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার এবং পিরোজপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্টসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের অক্টোবরের শেষ দিকে বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই তাঁর বিরুদ্ধে একের পর এক গুরুতর অভিযোগ উঠতে থাকে, যা স্থানীয় গণমাধ্যমেও প্রকাশিত হয়।
অভিযোগগুলোর মধ্যে রয়েছে, অর্থের বিনিময়ে পুলিশ সদস্যদের বদলি, কনস্টেবল নিয়োগ এবং বিভিন্ন সরকারি দপ্তরের বড় টেন্ডারে সরাসরি তদবির করা। বরিশাল ও পিরোজপুরে বালুমহাল নিয়ন্ত্রণকারী ও অবৈধ বালু উত্তোলনকারী চক্রকে প্রত্যক্ষ সহযোগিতা ও তাদের পক্ষে তদবির করা। আত্মগোপনে থাকা পলাতক আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা এবং তাঁদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া।
নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করে গণমাধ্যমে নাজিমুল হক দাবি করেছেন, এসব তথ্যের কোনো সত্যতা নেই এবং একটি পক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর বিরুদ্ধে মনগড়া অপপ্রচার চালাচ্ছে। বদলির ক্ষেত্রে আর্থিক লেনদেনের অভিযোগ নাকচ করে তাঁর ভাষ্য, প্রশাসনিক দায়িত্বে থাকার কারণে বদলির আদেশগুলো তাঁর মাধ্যমেই জারি হতো। ফলে প্রত্যাশিত স্থানে বদলি না পেয়ে ক্ষুব্ধ হয়ে কেউ কেউ তাঁর বিরুদ্ধে এসব ভিত্তিহীন অভিযোগ ছড়াতে পারেন।