ওসমানীতে ঘুষে থমকে বদলি, বহাল দুই সুমনের ‘রক্ষাকবচ’ এডি বদরুল! | তদন্ত রিপোর্ট

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:

জাতীয় সাপ্তাহিক তদন্ত রিপোর্ট পত্রিকায় সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে।

সংবাদ শিরোনাম
ওসমানীতে ঘুষে থমকে বদলি, বহাল দুই সুমনের ‘রক্ষাকবচ’ এডি বদরুল! এএসআই সুহেল যাত্রীদের কম্বল গেল কই? সিলেটে শামীম গ্রেপ্তার: আ.লীগ পুনর্বাসন কাণ্ডে বিতর্ক তুঙ্গে! ​‘তদন্ত রিপোর্ট’ দখল মিশনে আশিক-মমিনের ভাড়াটে ক্যাডার কামাল! তদন্ত রিপোর্ট’ সম্পাদক রায়হানের বিরুদ্ধে অপপ্রচারকারী কামালকে প্রকাশ্য চ্যালেঞ্জ! সিলেটে পুলিশের উপস্থিতিতেই দেড় কোটি টাকার বাড়িতে তালা! শাহপরাণ পুলিশের অভিযানে বড় কম্বলের চালানসহ গ্রেপ্তার ২ বদরুল সিন্ডিকেটে জিম্মি ওসমানী মেডিকেলের স্বাস্থ্যসেবা! বদরুল সিন্ডিকেটে জিম্মি ওসমানী মেডিকেলের স্বাস্থ্যসেবা! রনজিতের ভেলকিতে নাকাল ৪৮ বিজিবির নূর উদ্দিন!
ওসমানীতে ঘুষে থমকে বদলি, বহাল দুই সুমনের ‘রক্ষাকবচ’ এডি বদরুল!

ওসমানীতে ঘুষে থমকে বদলি, বহাল দুই সুমনের ‘রক্ষাকবচ’ এডি বদরুল!

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক, সিলেট: সিলেট বিভাগের প্রায় আড়াই কোটি মানুষের চিকিৎসার প্রধান ভরসাস্থল সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল যেন এখন সংঘবদ্ধ অপরাধের অভয়ারণ্যে পরিণত হয়েছে। আর এই পুরো অপরাধ সিন্ডিকেটের অদৃশ্য চাবিকাঠি এবং দুর্নীতিবাজদের একমাত্র ‘রক্ষাকবচ’ হিসেবে নাম উঠে এসেছে হাসপাতালের সহকারী পরিচালক ও প্রশাসনিক শাখার কর্মকর্তা (এডি-অ্যাডমিন) বদরুল আমিনের। অনুসন্ধানে বেরিয়ে এসেছে, বড় অঙ্কের ঘুষ ও ফাইল বাণিজ্যের ভাগবাটোয়ারার মাধ্যমে সরকারি বদলি আদেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ওসমানীতেই বহাল তবিয়তে রাখা হয়েছে দুর্নীতির মামলার আসামি সর্দার আব্দুল হাকিম সুমন এবং বিতর্কিত আনসার সদস্য সুমন মিয়াকে।

Manual1 Ad Code

আদালতের নথি অনুযায়ী, হাসপাতালের দুর্নীতির এক বিশাল সিন্ডিকেটের বিরুদ্ধে গত ১৬ এপ্রিল ২০২৪ তারিখে সিলেট মহানগর দায়রা ও সিনিয়র স্পেশাল জজ আদালতে একটি স্পেশাল পিটিশন মামলা (নং-০২/২০২৪) দায়ের করেন ভুক্তভোগী মোঃ ইসলাম উদ্দিন। ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা এবং দণ্ডবিধির ১৬১/১৬৪/৪০৬/৪০৯/৪২০/১০৯ ধারায় দায়েরকৃত এই মামলায় দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্তৃক তদন্তের আবেদন জানানো হয়। মামলার ৮ নম্বর আসামি করা হয় হাসপাতালের সর্দার মোঃ আব্দুল হাকিম সুমনকে।

অভিযোগে উল্লেখ করা হয়, মামলার অপর আসামি ওয়ার্ড মাস্টার রওশন হাবিব ও ৪র্থ শ্রেণি কর্মচারী সমিতির সভাপতি (সিকিউরিটি গার্ড) আব্দুল জব্বারের সাথে যোগসাজশ করে ৪র্থ শ্রেণির কর্মচারীদের জন্য বরাদ্দকৃত সরকারি কোয়ার্টার অবৈধভাবে ভাড়া দিয়েছেন সর্দার সুমন। শুধু তাই নয়, হাসপাতালের বিশাল খালি জায়গায় অবৈধভাবে বাসা নির্মাণ করে ভাড়া দেওয়ার মাধ্যমে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ গড়ে তুলেছেন এই চক্রটি।

এখানেই শেষ নয়; ২০১৯-২০২০ সালে আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ পাওয়া ৩০০ জনবলের মধ্যে ২০০ জন সরেজমিনে কাজ করলেও বাকি ১০০ জন কর্মী কেবল কাগজে-কলমেই রয়েছেন। অস্তিত্বহীন এই ১০০ কর্মীর বেতন-ভাতা দীর্ঘ বছর ধরে আউটসোর্সিং কোম্পানি, রওশন হাবিব ও আব্দুল জব্বার মিলে আত্মসাৎ করে আসছেন। আর এই মহা-জালিয়াতি ও অর্থ আত্মসাতে সহযোগিতার বিনিময়ে প্রতি মাসে নিয়মিত মোটা অঙ্কের ভাগ গ্রহণ করতেন সর্দার আব্দুল হাকিম সুমন।

নানা অনিয়ম ও মামলার পরিপ্রেক্ষিতে গত ৩০ অক্টোবর ২০২৫ তারিখে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডাঃ এ.বি.এম. আবু হানিফ স্বাক্ষরিত এক আদেশে (স্মারক নং- স্বাঅধি/প্রশা-২/৪র্থ শ্রেণী-৪৯/২০১৪(অংশ-২)/২৬০৪/১(১১)) সর্দার মোঃ আব্দুল হাকিম সুমনকে জনস্বার্থে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, মৌলভীবাজারের শূন্য পদে বদলি করা হয়।
অধিদপ্তরের ওই আদেশে স্পষ্টভাবে নির্দেশ দেওয়া হয়েছিল, “আদেশ জারীর ০৭ (সাত) কর্ম-দিবসের মধ্যে বদলীকৃত কর্মস্থলে যোগদানের উদ্দেশ্যে ছাড়পত্র গ্রহণ করবেন। অন্যথায় ০৮ (আট) কর্মদিবস হতে সরাসরি অব্যাহতি পেয়েছেন বলে গণ্য হবে।”

অথচ অবিশ্বাস্য হলেও সত্য, সরকারি এই কঠোর বদলি ও ‘স্ট্যান্ড রিলিজ’ (সরাসরি অব্যাহতি) আদেশের দীর্ঘ সময় পেরিয়ে গেলেও নতুন কর্মস্থলে যোগ দিতে হয়নি আব্দুল হাকিম সুমনকে। একাধিক বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে, বদলি ঠেকাতে মোটা অঙ্কের ঘুষের বিনিময়ে এডি (অ্যাডমিন) বদরুল আমিনের ‘আশীর্বাদ’ কিনে নিয়েছেন তিনি। বদরুল আমিনের প্রত্যক্ষ মদদ ও সুরক্ষার কারণেই স্বাস্থ্য অধিদপ্তরের আদেশকে থোড়াই কেয়ার করে আজও ওসমানী মেডিকেলে দাপটের সাথে অবস্থান করছেন এই বিতর্কিত সর্দার।

সর্দার সুমনের মতোই ওসমানী মেডিকেলে আরেক ‘অপ্রতিরোধ্য’ নাম আনসার সদস্য সুমন মিয়া। প্রায় তিন বছর ধরে তিনি এডি (অ্যাডমিন) বদরুল আমিনের অফিস দেখাশোনার দায়িত্বে নিয়োজিত রয়েছেন। এই তিন বছরের ব্যবধানে তার সাথে কর্মরত অন্যান্য আনসার সদস্য এমনকি আনসার কমান্ডার পর্যন্ত বদলি হয়ে গেলেও অদৃশ্য শক্তির ইশারায় বহাল তবিয়তে রয়ে গেছেন সুমন।

সম্প্রতি সিলেট জেলার আনসার-ভিডিপি কমান্ড্যান্ট বরাবর দাখিলকৃত এক লিখিত অভিযোগে আনসার সদস্য সুমন মিয়ার অন্ধকার জগতের চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। অভিযোগে বলা হয়, দাপ্তরিক নিয়ম অনুযায়ী বদলির আদেশ আসার পরও তিনি ওসমানী ছাড়েননি। হাসপাতালে ‘ফাইলবাজি’, ‘রোগীবাজি’ ও নানামুখী অবৈধ ধান্দায় জড়িয়ে প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ণ করে চলেছেন তিনি। আরও চাঞ্চল্যকর তথ্য হলো, পূর্বে তিন বছর চাকরি না থাকাকালীন সময় তিনি ভারত সীমান্তে বিভিন্ন অবৈধ ব্যবসার সাথে জড়িত ছিলেন। পরবর্তীতে পুনরায় চাকরিতে যোগ দিয়ে গ্যাস ফিল্ডে দায়িত্ব পালন করেন এবং সেখান থেকে ওসমানীতে আসার পর আর কখনোই তাকে বদলি করা যায়নি।

সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, এডি (অ্যাডমিন) বদরুল আমিনের দপ্তরকেন্দ্রিক ফাইল বাণিজ্যের অন্যতম কারিগর এই আনসার সদস্য সুমন। ফাইল বাণিজ্য থেকে উপার্জিত অবৈধ অর্থের জোরে আঙুল ফুলে কলাগাছ বনে যাওয়া সুমন মোটা অঙ্কের বিনিময়ে বদরুল আমিনকে ‘ম্যানেজ’ করে রেখেছেন। ফলে দাপ্তরিক বদলির নির্দেশনা থাকা সত্ত্বেও দুজনের অশুভ আঁতাতে ওসমানীতেই চলছে তার একচ্ছত্র রাজত্ব।

হাসপাতালের সাধারণ কর্মকর্তা-কর্মচারী ও ভুক্তভোগী রোগীদের প্রশ্ন, একটি সরকারি প্রতিষ্ঠানে সহকারী পরিচালক (প্রশাসন) বদরুল আমিনের খুঁটির জোর কোথায়? যার ইশারায় স্বাস্থ্য অধিদপ্তরের সরাসরি অব্যাহতির (স্ট্যান্ড রিলিজ) আদেশও অকার্যকর হয়ে পড়ে এবং দুর্নীতির মামলার আসামি ও চিহ্নিত দালাল-ফাইলবাজরা নির্বিঘ্নে লুটপাট চালিয়ে যায়!

Manual6 Ad Code

সিলেটের এই প্রাণকেন্দ্রকে অপরাধীদের হাত থেকে রক্ষা করতে এডি (অ্যাডমিন) বদরুল আমিন ও তার আশ্রয়ে থাকা ‘দুই সুমন’ সিন্ডিকেটের বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়, দুদক এবং আনসার-ভিডিপির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ ও কঠোর দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন মহল।

Manual1 Ad Code

 ধারাবাহিক সংবাদ নং- ০৮।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Comments are closed.

Add



© All rights reserved © tadantareport.com
Design BY Web WORK BD
ThemesBazar-Jowfhowo
Manual1 Ad Code
Manual2 Ad Code