নিজস্ব প্রতিবেদক, সিলেট: বহুল প্রচারিত জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’ (রেজি. নং- ডিএ ৪২০/৯২) জোরপূর্বক দখল এবং পত্রিকার বৈধ ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ রায়হান হোসেনকে সামাজিক ও পেশাগতভাবে ঘায়েল করতে মাঠে নেমেছে এক ভয়ংকর অপরাধী সিন্ডিকেট। আইনিভাবে অস্তিত্বহীন কথিত সম্পাদক দাবিদার এম.এ মমিন আনসারী, সিলেটের কুখ্যাত চোরাকারবারি ‘বুঙ্গা আশিক’ ওরফে আশিক আহমেদ এবং তাদের ভাড়াটে ক্যাডার ভুয়া সাংবাদিক কামাল খানের এই সংঘবদ্ধ ষড়যন্ত্রের চাঞ্চল্যকর তথ্য ও গোপন বৈঠকের ভিডিও ফুটেজ ফাঁস হয়েছে।
অনুসন্ধানে বেরিয়ে এসেছে, আইনি নোটিশের মাধ্যমে অনেক আগেই পত্রিকা থেকে বিতাড়িত এম.এ মমিন আনসারী কোনো প্রকার বৈধ অধিকার ছাড়াই পত্রিকাটি চোরাকারবারি আশিককে ‘দিয়ে দেওয়ার’ প্রতিশ্রুতি দিয়েছেন। আর সেই অবৈধ সমঝোতা বাস্তবায়নে বড় অঙ্কের টাকার বিনিময়ে ভাড়াটে ক্যাডার হিসেবে মাঠে নামানো হয়েছে গোলাপগঞ্জের চিহ্নিত প্রতারক ও চাঁদাবাজ কামাল খানকে।
ফাঁস হওয়া ভিডিও ফুটেজ ও বিশ্বস্ত সূত্রের তথ্যানুযায়ী, গত বুধবার (১৮ নভেম্বর) বিকেলে সিলেটের উপশহর-শিবগঞ্জ এলাকায় অবস্থিত ‘সংবাদ দিগন্ত’-এর কার্যালয়ে বসে ‘তদন্ত রিপোর্ট’ দখল ও সম্পাদক মোঃ রায়হান হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের নীলনকশা আঁকা হয়।
এর আগে জনস্বার্থে ‘তদন্ত রিপোর্ট’-এর মাল্টিমিডিয়া পেজ থেকে ভুয়া ব্যুরো প্রধান কামাল খানের প্রতারণা ও চাঁদাবাজির বিরুদ্ধে সতর্কবার্তা প্রকাশ করা হলে ক্ষিপ্ত হয়ে ওঠে এই চক্র। বুধবার ১৮ নভেম্বর বিকেলে ওই গোপন বৈঠকে বসেই ভাড়াটে ক্যাডারের ভূমিকায় অবতীর্ণ কামাল খান হোয়াটসঅ্যাপে কল করে ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ রায়হান হোসেনকে প্রকাশ্যে হুমকি দেয় এবং তাকে ‘ভুয়া সম্পাদক’ সাজিয়ে অনলাইনে অপপ্রচারের ঘোষণা দেয়। এর পরদিন বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে কয়েকটি অনিবন্ধিত ও ভূঁইফোড় অনলাইন পোর্টালে মোঃ রায়হান হোসেনের ছবিসহ সম্পূর্ণ মনগড়া, কুরুচিপূর্ণ ও মানহানিকর সংবাদ প্রকাশ করে পত্রিকার মালিকানার বৈধতা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা চালানো হয়।
অনুসন্ধানে এই ষড়যন্ত্রের মূল হোতা এম.এ মমিন আনসারীর দাবির অসারতা দিবালোকের মতো স্পষ্ট হয়ে উঠেছে। দালিলিক প্রমাণ অনুযায়ী, পত্রিকার মূল ভারপ্রাপ্ত সম্পাদক ফকির মোহাম্মদ হাসান পিতার মৃত্যুর পর (২০ মে ২০২৪) উত্তরাধিকার সূত্রে পত্রিকার দায়িত্ব পান। পরবর্তীতে ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে পত্রিকার কার্যক্রম পরিচালনার জন্য এম.এ মুমিন আনসারীর সঙ্গে একটি হস্তান্তরনামা সম্পাদিত হয়। কিন্তু অসৌজন্যমূলক আচরণ, অসংগতি ও প্রতিনিধি নিয়োগের নামে মফস্বল সাংবাদিকদের সঙ্গে ‘প্রতিনিধি বাণিজ্য’ ও প্রতারণায় জড়িয়ে পড়ায় ফকির মোহাম্মদ হাসান তাকে পত্রিকার যাবতীয় কার্যক্রম থেকে নিষেধ করেন।
এরপরও গোপনে বেআইনি প্রকাশনা চালিয়ে যাওয়ায় ২০২৪ সালের ৯ ডিসেম্বর সিলেট জজ কোর্টের অ্যাডভোকেট ইয়াছমিন বেগমের মাধ্যমে এম.এ মুমিন আনসারীকে আনুষ্ঠানিক লিগ্যাল নোটিশ প্রদান করেন ফকির মোহাম্মদ হাসান। নোটিশে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, মমিন আনসারীর সঙ্গে ‘সাপ্তাহিক তদন্ত রিপোর্ট’-এর কোনো সম্পর্ক নেই এবং পত্রিকা সংশ্লিষ্ট যেকোনো বিষয়ে কর্তৃপক্ষের একমাত্র মনোনীত ব্যক্তি হলেন মোঃ রায়হান হোসেন (মোবাইল: ০১৭১৯-১৯৪৪৯৩)। আইনিভাবে দুই বছর আগেই পত্রিকা থেকে বিতাড়িত এক ব্যক্তির কাছ থেকে চোরাকারবারি আশিকের পত্রিকা নেওয়ার দাবি নিছক জালিয়াতি ও প্রতারণা ছাড়া আর কিছুই নয় বলে মনে করছেন আইনজ্ঞরা।
ষড়যন্ত্রের মূল অর্থদাতা ও নেপথ্য কারিগর আশিক আহমেদ ওরফে ‘বুঙ্গা আশিক’-এর অপরাধনামা রীতিমতো ভয়াবহ। গত ১৬ এপ্রিল ‘দৈনিক সিলেটের সংবাদ’-এ প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদনে সিলেটের প্রধান বাণিজ্যিক কেন্দ্র কালিঘাট ও লালদিঘীর পাড় এলাকার বেপরোয়া চোরাকারবারি সিন্ডিকেটের মূল হোতা হিসেবে তার নাম উঠে আসে। সাংবাদিক ও মানবাধিকার কর্মীর ভুয়া সাইনবোর্ড ব্যবহার করে হরিপুরের একটি সিন্ডিকেটের মাধ্যমে প্রতিদিন ভোর ৪টা থেকে সকাল ৬টার মধ্যে পিকআপ ও ট্রাকের বহরে করে কোটি কোটি টাকার ভারতীয় জিরা, পেঁয়াজ, চিনি ও কসমেটিকস নগরীতে পাচার করাই তার মূল পেশা। বটেশ্বর, মুরাদপুর ও কানাইঘাট সড়ক হয়ে চালিবন্দর ও সোবহানীঘাট দিয়ে অন্যের নিলামের কাগজের ফটোকপি দেখিয়ে এসব চোরাই পণ্য কালিঘাটে ঢোকানো হয়।
রাষ্ট্রবিরোধী চোরাচালান ও সাংবাদিকতার পরিচয় ভাঙিয়ে অবৈধ কর্মকাণ্ডের সুনির্দিষ্ট অভিযোগে ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ রায়হান হোসেন বহু আগেই আশিক আহমেদকে (সাবেক সিনিয়র স্টাফ রিপোর্টার, আইডি নং- WTR-26/26) স্থায়ীভাবে বহিষ্কার ও তার পরিচয়পত্র বাতিল করে গণবিজ্ঞপ্তি জারি করেন। অথচ আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এই চোরাকারবারি এখনো জাল লোগোযুক্ত ‘তদন্ত রিপোর্ট’-এর ‘প্রেস’ লেখা কটি গায়ে জড়িয়ে অবাধে অপকর্ম চালিয়ে যাচ্ছে, যা প্রচলিত আইনে গুরুতর ফৌজদারি অপরাধ। বহিষ্কারের প্রতিশোধ নিতেই সে এখন মমিন আনসারী ও ভাড়াটে কামাল খানকে নিয়ে পত্রিকা দখলের মরিয়া খেলায় নেমেছে।
অপপ্রচার ও হুমকির মূল হাতিয়ার কথিত সাংবাদিক কামাল খানের অতীত ঘাঁটতে গিয়ে বেরিয়ে এসেছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। প্রাথমিক বিদ্যালয়ের গণ্ডি না পেরোনো এই ব্যক্তি একসময় নিজ এলাকায় কাঠমিস্ত্রির সহযোগী হিসেবে কাজ করতেন। পরবর্তীতে গোলাপগঞ্জ পৌর এলাকার জমির প্লাজায় ভিডিও ক্যাসেটের ব্যবসা শুরু করেন। এরপর ঢাকায় গিয়ে নিজেকে ‘অভিনেতা’ পরিচয় দিয়ে অশ্লীল মিউজিক ভিডিও নির্মাণের মাধ্যমে সমাজে অপসংস্কৃতি ছড়ানোর অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।
হঠাৎ করেই ভোল পাল্টে নিজেকে ‘সাংবাদিক’ দাবি করে বসা কামাল খান মূলধারার গণমাধ্যমকর্মীদের বিভ্রান্ত করতে গোলাপগঞ্জে ‘উপজেলা প্রেস ক্লাব’ নামে একটি ভুয়া সাইনবোর্ড-সর্বস্ব সংগঠন গড়ে তুলেছেন। সিএনজি চালক, অফিস সহকারী, পিয়ন, পান ব্যবসায়ী ও বিভিন্ন কোম্পানির বিক্রয় প্রতিনিধিদের নিয়ে একটি চাঁদাবাজ চক্র তৈরি করে সরকারি দপ্তর ও ব্যবসাপ্রতিষ্ঠানে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায় করাই এই গ্রুপের কাজ।
সম্প্রতি গোলাপগঞ্জের একটি ওয়াইফাই ব্যবসাপ্রতিষ্ঠানে গিয়ে চাঁদা দাবি করেন কামাল খান। ভুক্তভোগী মালিক স্থানীয় মূলধারার সাংবাদিকদের জানালে লেজ গুটিয়ে সটকে পড়েন তিনি। কান্দিগাঁও খেয়াঘাট এলাকায় অবৈধ বালু উত্তোলনকারী চক্রকে শেল্টার দেওয়ার নামে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তার চক্রের বিরুদ্ধে। অতীতে বিভিন্ন স্থানে নিজেকে আওয়ামী লীগের ঘনিষ্ঠ হিসেবে জাহির করা কামাল খানের সামাজিক যোগাযোগমাধ্যমের পুরনো ছবি ও পোস্টে তার সেই সুবিধাবাদী চরিত্রের প্রমাণ রয়েছে। ‘তদন্ত রিপোর্ট’-এর সঙ্গে কোনো বৈধ সম্পৃক্ততা না থাকা সত্ত্বেও দীর্ঘদিন ধরে নিজেকে সিলেট ব্যুরো প্রধান পরিচয় দিয়ে বিভিন্ন সরকারি দপ্তরে চাঁদাবাজির চেষ্টা চালিয়ে আসছিলেন তিনি।
চোরাকারবারি ও ভাড়াটে চক্রের এমন নগ্ন অপপ্রচারের কড়া জবাব দিয়ে প্রকাশ্যে বসার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ রায়হান হোসেন। তিনি বলেন- “একটি জাতীয় পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক হওয়া মুখের কথা বা কারও দয়ায় রাতারাতি সম্ভব নয়; এর জন্য সুনির্দিষ্ট আইনি ও দালিলিক ভিত্তি প্রয়োজন। প্রতারক কামাল খান ও তার মদদদাতাদের প্রতি আমার সরাসরি চ্যালেঞ্জ যে, পত্রিকার মালিকানার পক্ষে কোনো বৈধ কাগজপত্র থাকলে তা নিয়ে প্রকাশ্যে বসুন। প্রমাণ করতে পারলে মধ্যস্থতাকারীদের যেকোনো সিদ্ধান্ত আমি মাথা পেতে নেব; আর আমার বৈধতা প্রমাণিত হলে এই মিথ্যাচার, জালিয়াতি ও প্রতারণার চড়া মাশুল গুনতে হবে। সৎ সাহস থাকলে সময় ও স্থান জানান। বৈধ মালিকানার যাবতীয় নথিপত্রসহ যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় আমি সর্বদা প্রস্তুত।”
তিনি আরও জানান, ভূঁইফোড় অনলাইনে ছবি ব্যবহার করে মিথ্যা, মনগড়া ও কুরুচিপূর্ণ তথ্য ছড়িয়ে মানহানি করায় প্রতারক কামাল খান, চোরাকারবারি আশিক আহমেদ, অবৈধ দাবিদার মমিন আনসারী এবং সংশ্লিষ্ট অনলাইন পোর্টালগুলোর বিরুদ্ধে প্রচলিত আইনের কঠোর ধারায় মামলা দায়েরের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
সাংবাদিকতার মতো মহান পেশাকে চোরাচালান ও চাঁদাবাজির ঢাল হিসেবে ব্যবহার, লোগো জালিয়াতি এবং বৈধ সম্পাদককে প্রকাশ্যে হুমকির ঘটনায় সিলেটের সচেতন ও পেশাদার সাংবাদিক মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। অবিলম্বে চিহ্নিত চোরাকারবারি ‘বুঙ্গা আশিক’, ভুয়া ব্যুরো প্রধান কামাল খান ও তাদের নেপথ্য মদদদাতাদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানিয়েছেন গণমাধ্যমকর্মী ও সচেতন নাগরিক সমাজ।