পুলিশি ব্যর্থতায় নিরাপদ সিলেটের ব্যবচ্ছেদ! | তদন্ত রিপোর্ট

রবিবার, ১০ মে ২০২৬, ১০:০০ অপরাহ্ন

পুলিশি ব্যর্থতায় নিরাপদ সিলেটের ব্যবচ্ছেদ!

পুলিশি ব্যর্থতায় নিরাপদ সিলেটের ব্যবচ্ছেদ!

Manual7 Ad Code

মোঃ রায়হান হোসেন: সিলেটের পুণ্যভূমিতে বর্তমানে জননিরাপত্তা এক চরম অস্তিত্ব সংকটের মুখোমুখি। একদিকে প্রকাশ্য দিবালোকে অস্ত্রের মুখে লক্ষ লক্ষ টাকা লুণ্ঠন, অন্যদিকে পুলিশ প্রশাসনের শীর্ষ পর্যায় থেকে বাস্তবতাবিবর্জিত ও বিভ্রান্তিকর বিবৃতির প্লাবন—এই দ্বিমুখী সংকটে পর্যুদস্ত নগরবাসী। মহানগর পুলিশের সর্বোচ্চ কর্তাব্যক্তির অদূরদর্শী মন্তব্য এবং মাঠপর্যায়ের স্থবিরতা আধ্যাত্মিক এই জনপদকে অপরাধীদের এক অভয়ারণ্যে পরিণত করেছে বলে প্রতীয়মান হচ্ছে।

Manual3 Ad Code

অর্ধকোটি টাকা লুণ্ঠন: তদন্তের নামে কালক্ষেপণ ও ব্যর্থতার আখ্যান: সিলেট মহানগর বিএনপির নবনির্বাচিত সভাপতি ও প্রথিতযশা ব্যবসায়ী নাসিম হোসাইনের ৫০ লক্ষ ৫০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনাটি মহানগরের আইনশৃঙ্খলা পরিস্থিতির কঙ্কালসার রূপটিই উন্মোচিত করেছে। গত ৮ মে মোগলাবাজার থানাধীন পারাইরচক এলাকায় সংঘটিত এই দুর্ধর্ষ দস্যুতায় দুর্বৃত্তরা কেবল অর্থই লুণ্ঠন করেনি, বরং জননিরাপত্তার কফিনে শেষ পেরেকটি ঠুকে দিয়েছে। ঘটনার ২৪ ঘণ্টা অতিবাহিত হলেও লুণ্ঠিত অর্থের এক পয়সাও উদ্ধার করতে না পারা পুলিশের পেশাদারিত্ব নিয়ে জনমনে গুরুতর সংশয় সৃষ্টি করেছে। যদিও মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলমের ভাষ্যমতে, বিকাশের ৮ জন কর্মীসহ ৯ জনকে জিজ্ঞাসাবাদ ও গ্রেপ্তার করা হয়েছে, তথাপি মূল পরিকল্পনাকারী এবং লুণ্ঠিত সম্পদ উদ্ধারে কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। সচেতন মহলের প্রশ্ন—ক্ষমতাসীন ঘরানার শীর্ষস্থানীয় একজন নেতার নিরাপত্তা নিশ্চিতেই যেখানে রাষ্ট্রযন্ত্র নুইয়ে পড়ছে, সেখানে সাধারণ নাগরিকদের জানমালের নিরাপত্তা এখন কোন তলানিতে?

Manual3 Ad Code

কমিশনারের ‘লন্ডন’ তত্ত্ব বনাম বাস্তবের ‘নিষ্ঠুর রসিকতা’: সিলেট মহানগর পুলিশের কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরীর সাম্প্রতিক কিছু উক্তি ও কর্মকাণ্ড নগরজুড়ে হাস্যরস ও তীব্র ক্ষোভের উদ্রেক করেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির মধ্যেও তাঁর মুখনিঃসৃত ‘সিলেট এখন লন্ডনের চেয়েও নিরাপদ’—এমন আজগুবি দাবিকে নাগরিক সমাজ ‘নিষ্ঠুর রসিকতা’ হিসেবে অভিহিত করছে। অভিযোগ উঠেছে, নিজের প্রশাসনিক ব্যর্থতা ঢাকতে এবং বদলি ঠেকাতে তিনি তথ্য গোপনের এক ‘তুঘলকি’ মহোৎসবে মেতেছেন। এমনকি গণমাধ্যমের কণ্ঠরোধে তাঁর বিতর্কিত ‘গণবিজ্ঞপ্তি’ জারি এবং পরবর্তীতে তীব্র সমালোচনার মুখে তা প্রত্যাহার, পুলিশের পেশাদারিত্বকে চরম বিতর্কের মুখে ঠেলে দিয়েছে। স্থানীয়দের মতে, কমিশনার অপরাধ দমনের চেয়ে অপরাধের পরিসংখ্যান আড়ালে রাখতেই অধিকতর মনোযোগী।

পৈশাচিকতা ও জননিরাপত্তার শূন্যতা: গত ৬ মে দক্ষিণ সুরমার চান্দাই এলাকায় এক ইমামের স্ত্রীর কাছ থেকে স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের ঘটনাটি নিষ্ঠুরতার সমস্ত সীমা অতিক্রম করেছে। অবোধ শিশুর গলায় ধারালো অস্ত্র ধরে মায়ের শরীর থেকে গহনা কেড়ে নেওয়ার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলেও পুলিশ তিন দিনেও অপরাধীদের শনাক্ত করতে পারেনি। যখন নাগরিকরাই ব্যক্তিগত উদ্যোগে সিসিটিভি ফুটেজ ও তথ্য সরবরাহ করছে, তখন রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতনভুক্ত বিশাল পুলিশ বাহিনীর কর্মতৎপরতা নিয়ে প্রশ্ন তোলা এখন সময়ের দাবি।

Manual3 Ad Code

ব্যর্থতার নেপথ্যে: দুর্নীতি ও প্রভাব বিস্তারের লড়াই: সিলেট মেট্রোপলিটন পুলিশের অভ্যন্তরে বর্তমানে পদায়ন ও প্রভাব বিস্তারের এক অসুস্থ প্রতিযোগিতা চলমান। জননিরাপত্তা বিধানের পরিবর্তে কতিপয় অসাধু কর্মকর্তা রাজনৈতিক উচ্চাভিলাষ চরিতার্থ এবং আন্তর্জাতিক চোরাচালান সিন্ডিকেটের সাথে সখ্যতা গড়ে তুলতে ব্যস্ত। পুলিশের শীর্ষ মহলের এই রহস্যজনক নীরবতা এবং অপরাধীদের প্রতি পরোক্ষ নমনীয়তা সিলেটের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির চূড়ান্ত পতনের পথ প্রশস্ত করছে।

জনদাবি: সিলেটের বিভিন্ন মিডিয়া সংগঠন এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের তীব্র প্রতিবাদের মুখেও প্রশাসনের অসারতা কাটছে না। ‘তথ্য গোপনের রাজনীতি’ বন্ধ করে অপরাধীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ না করলে এই আধ্যাত্মিক নগরীর শান্তি চিরতরে বিলীন হতে পারে। সচেতন মহলের দাবি, অনতিবিলম্বে পুলিশ প্রশাসনের উচ্চপর্যায়ে শুদ্ধি অভিযান পরিচালনা করে দক্ষ ও নিরপেক্ষ কর্মকর্তাদের দায়িত্ব প্রদান করা হোক। অন্যথায়, জনগণের ট্যাক্সের টাকায় পালিত এই বিশাল বাহিনী কেবল ‘ঠুঁটো জগন্নাথ’ হিসেবেই ইতিহাসের পাতায় চিহ্নিত হয়ে থাকবে। নাসিম হোসাইনের আর্তনাদ কিংবা চান্দাইয়ের সেই আতঙ্কিত শিশুর কান্না—কোনোটাই কি পৌঁছাবে প্রশাসনের কর্ণকুহরে? উত্তরটি এখন সময়ের আবর্তে নিহিত।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Add



© All rights reserved © tadantareport.com
Design BY Web WORK BD
ThemesBazar-Jowfhowo

Follow for More!

Manual1 Ad Code
Manual5 Ad Code
error: Content is protected !!