রনজিত কাণ্ডে সনজিতের ঘি! | তদন্ত রিপোর্ট

বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:

জাতীয় সাপ্তাহিক তদন্ত রিপোর্ট পত্রিকায় সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে।

রনজিত কাণ্ডে সনজিতের ঘি!

Manual4 Ad Code

বিশেষ প্রতিবেদক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার রাতারগুল যেন এখন অপরাধী ও নিষিদ্ধ সংগঠনের নিরাপদ অভয়াশ্রম! শিক্ষাসফরের ব্যানার ঝুলিয়ে রাতারগুল সোয়াম ফরেস্ট সংলগ্ন ‘সোহেল স্কয়ার ইকো রিসোর্ট’-এ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রনজিত সরকারের এক গোপন রাজনৈতিক সভার খবর ফাঁস হওয়ার পর দেশজুড়ে তোলপাড় শুরু হয়েছে। গত ৮ নভেম্বর সন্ধ্যার এই গোপন বৈঠকের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে প্রশাসনের নাকের ডগায় এমন ন্যক্কারজনক ঘটনার নেপথ্য কারিগর হিসেবে সালুটিকর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) এসআই সনজিত চন্দ দাসের নাম সামনে আসে।

অনুসন্ধানে জানা যায়, রনজিত সরকারের এই জঘন্য কাণ্ডের পেছনে সালুটিকর ফাঁড়ির আইসি সনজিত দাসের প্রত্যক্ষ যোগসাজশ ও পরোক্ষ মদদ রয়েছে। শুধু তাই নয়, রনজিত ও আইসি সনজিত একই সম্প্রদায়ের হওয়ায় তাদের মধ্যে দীর্ঘদিনের গভীর সখ্যতা রয়েছে। বিগত স্বৈরাচারী আওয়ামী সরকারের শাসনামলে সনজিত যখন কোর্টে কর্মরত ছিলেন, তখন তিনি নিয়মিত রনজিত সরকারের টিলাগড়ের বাসভবনে যাতায়াত করতেন। সূত্র নিশ্চিত করেছে, রনজিতের ইশারা ও তদবিরেই মূলত সনজিতকে কোর্ট থেকে এনে সালুটিকর পুলিশ ফাঁড়ির মতো গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর এলাকার দায়িত্ব দেওয়া হয়েছিল, যাতে করে রনজিতের যেকোনো অপকর্মে পুলিশের আইনি সুরক্ষা নিশ্চিত থাকে।

Manual3 Ad Code

মোটা অঙ্কের আর্থিক সুবিধা ও অনৈতিক লেনদেনের বিনিময়ে অপরাধীদের জন্য এই অভয়ারণ্য তৈরি করে দেওয়ার সম্পূর্ণ দায়ভার এখন সালুটিকর ফাঁড়ির আইসি সনজিত দাসের ওপর বর্তাচ্ছে। আইনশৃঙ্খলার রক্ষক হয়েও তিনি রনজিত সরকারের সাথে মিলে অপরাধের যে চাদর বিছিয়েছেন, তা স্বাধীন দেশে সম্পূর্ণ নজিরবিহীন। অর্থের বিনিময়ে তিনি বর্তমানে পুরোপুরি নীরব ও নিষ্ক্রিয়। এই রহস্যজনক নীরবতার আড়ালে তিনি নিষিদ্ধ সংগঠনকে এলাকায় পুনর্বাসন করার জন্য অবিরাম চক্রান্ত চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

তার এই চরম পক্ষপাতমূলক ও অপেশাদার আচরণের নগ্ন প্রমাণ মেলে কয়েকদিন আগের একটি ঘটনায়। এই ইউনিয়নের ভেতরে, প্রশাসনের নাকের ডগায় নিষিদ্ধ সংগঠনের নেতা-কর্মীরা প্রকাশ্যে মশাল মিছিল করলেও ফাঁড়ির আইসি সনজিত দাস তাদের বিরুদ্ধে বিন্দুমাত্র কোনো আইনি ব্যবস্থা নেননি। জনমনে আতঙ্ক সৃষ্টিকারী এমন উসকানিমূলক কর্মকাণ্ডের পরও আইসির এই উদ্দেশ্যপ্রণোদিত নিষ্ক্রিয়তাই প্রমাণ করে, তিনি নিষিদ্ধ সংগঠনের পুনর্বাসন প্রক্রিয়ার ব্লু-প্রিন্ট বাস্তবায়নে সরাসরি সম্পৃক্ত।

Manual5 Ad Code

পরিস্থিতি বর্তমানে অত্যন্ত উত্তপ্ত। জনক্ষোভের পারদ এখন চরমে। বিতর্কিত এই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানিয়ে ইতোমধ্যে মিছিল ও প্রতিবাদ সভা করেছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। তাদের দাবি অত্যন্ত স্পষ্ট—যেকোনো মূল্যে সালুটিকর ফাঁড়ির দুর্নীতিগ্রস্ত ও আপসগামী আইসি সনজিত দাসকে অবিলম্বে অপসারণ করে আইনের মুখোমুখি করতে হবে। অন্যথায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গিয়ে চরম ভয়াবহ রূপ নিতে পারে। অনাকাঙ্ক্ষিত কোনো বিপর্যয় ঘটলে তার সম্পূর্ণ দায়ভার জেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেই নিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা।

এসব গুরুতর অভিযোগের বিষয়ে সালুটিকর পুলিশ ফাঁড়ির আইসি এসআই সনজিত চন্দ দাসের ব্যবহৃত সেলফোনে যোগাযোগ করে ‘তদন্ত রিপোর্ট’। রিসোর্টে রনজিত সরকারের গোপন সভার বিষয়ে জানতে চাইলে তিনি এক চরম দায়িত্বহীন ও ঔদ্ধত্যপূর্ণ জবাব দেন। তিনি বলেন, “জায়গাটি ফাঁড়ির খুব কাছাকাছি এটা সঠিক, কিন্তু রনজিত সরকারের আয়োজনস্থলটি আমার ফাঁড়ির আওতাধীন এলাকার মধ্যে পড়ে না। তাই সেখানে কী হচ্ছে তা আমার দেখার বিষয় নয়!” আইসি সনজিতের এমন দায়সারা ও নির্লজ্জ বক্তব্য স্থানীয় বিএনপির নেতাকর্মীদের ক্ষোভের আগুনে যেন নতুন করে ঘি ঢেলে দিয়েছে।

অন্যদিকে, গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক মোড়ল পুরো ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, “একটি পর্যটকবাহী বাসে শিক্ষাসফরের ব্যানার লাগিয়ে তারা রিসোর্টে এসে সভা করেছেন বলে পুলিশ তথ্য পেয়েছে। ঘটনার সঠিক তথ্য উদ্‌ঘাটন এবং আইনগত পদক্ষেপ নিতে পুলিশ কাজ করছে।

Manual5 Ad Code

এখন সচেতন মহলের একটাই প্রশ্ন, যেখানে খোদ থানার ওসি ঘটনাটি গুরুত্বের সাথে দেখছেন, সেখানে সালুটিকর ফাঁড়ির আইসি কীভাবে এমন গা-বাঁচানো কথা বলে অপরাধীদের আড়াল করার চেষ্টা করেন? অবিলম্বে এই কুচক্রী পুলিশ কর্মকর্তাকে অপসারণ করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে গোয়াইনঘাটের সর্বস্তরের জনতা।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Comments are closed.

Add



© All rights reserved © tadantareport.com
Design BY Web WORK BD
ThemesBazar-Jowfhowo
Manual1 Ad Code
Manual6 Ad Code