ধূপাগুলের ডন নাছিরের উত্থান ও পতন! | তদন্ত রিপোর্ট

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:

জাতীয় সাপ্তাহিক তদন্ত রিপোর্ট পত্রিকায় সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে।

ধূপাগুলের ডন নাছিরের উত্থান ও পতন!

ধূপাগুলের ডন নাছিরের উত্থান ও পতন!

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক: সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ধূপাগুল একসময়ের শান্ত কৃষিনির্ভর ও আবাসিক জনপদ আজ পরিণত হয়েছে পরিবেশ বিধ্বংসী বিশাল পাথরভাঙা শিল্পাঞ্চলে। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের পাশেই গড়ে ওঠা এই শিল্পাঞ্চলে ২০০৭ সাল থেকে ব্যাঙের ছাতার মতো বাড়তে থাকে শত শত স্টোন ক্রাশার মিল। আর পরিবেশ, জনস্বাস্থ্য ও প্রশাসনিক নজরদারিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গড়ে ওঠা এই পাথর সাম্রাজ্যের একচ্ছত্র অধিপতি হিসেবে আবির্ভূত হন মৃত নুনু মিয়ার ছেলে নাছির উদ্দিন। একজন সাধারণ ট্রাক হেলপার ও বেলচা শ্রমিক থেকে রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে তিনি কীভাবে শতকোটি টাকার মালিক ও এলাকার গডফাদারে পরিণত হলেন, তা হার মানায় রূপকথার গল্পকেও।

Manual6 Ad Code

কৃষিনির্ভর পরিবারের সন্তান নাছিরের কর্মজীবন শুরু হয়েছিল ধূপাগুলের ক্রাশার মিল এলাকায় ট্রাকের হেলপার ও বেলচা শ্রমিক হিসেবে। পরবর্তীতে তিনি ট্রাকচালক পেশায় যুক্ত হন। স্থানীয় সূত্রমতে, ধূপাগুল পাথর ব্যবসায়ী সমিতির নেতৃত্বে সেসময় ছিলেন নাছিরের সৎভাই উসমান, যিনি প্রায় চার-পাঁচ বছর এই দায়িত্ব পালন করেন। ভাইয়ের হাত ধরে সমিতিতে প্রবেশ করলেও ক্ষমতার লোভে অন্ধ নাছির আওয়ামী লীগ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আশফাক আহমেদের রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় সৎভাইকে সরিয়ে নিজেই সমিতির সভাপতির পদ দখল করেন। দীর্ঘ প্রায় ১৩ বছর তিনি এই পদ কুক্ষিগত করে রাখেন।

২০১১ সাল থেকে ধূপাগুল পাথর ব্যবসায়ী সমিতি এবং ‘দি সিলেট ইকুইপমেন্ট’ নামের পে-লোডার ব্যবসায়ী সমিতির পূর্ণ নিয়ন্ত্রণ নেন নাছির। ক্ষমতার খুঁটি আরও পোক্ত করতে ২০১৫ সালে তিনি খাদিমনগর ইউনিয়ন আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদকের পদ বাগিয়ে নেন। এরপর পাথর ব্যবসার প্রচলিত শ্রমনির্ভর ব্যবস্থা ধ্বংস করে পে-লোডার মেশিনের ব্যবহার বাড়িয়ে দিনমজুরদের কর্মসংস্থান সংকুচিত করে পুরো এলাকার একক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন।

নাছিরের এই ভয়ংকর উত্থানের নেপথ্যে ছিল এক বিশাল রাজনৈতিক ও সন্ত্রাসী বলয়। তিনি সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী শফিকুর রহমানের ঘনিষ্ঠ ‘লাঠিয়াল’ হিসেবে পরিচিত ছিলেন। আওয়ামী লীগ সরকারের আমলে তিনি এই রাজনৈতিক পরিচয়কে কাজে লাগিয়ে এলাকায় একচ্ছত্র আধিপত্য বিস্তার করেন।

Manual2 Ad Code

তার সিন্ডিকেটে নিজ ভাই যুবলীগ নেতা কবির আহমেদ ছাড়াও উমদারপাড়া গ্রামের মখলিছের ছেলে যুবলীগ নেতা আব্দুল হক, মছুরব আলী, বিএনপি নেতা ছালেহ আহমদ শাহনাজ, আওয়ামী লীগ নেতা আব্দুল কাদির, ভাতিজা রাজন আহমদ রাজু এবং ব্যবসায়িক অংশীদার লাল মিয়ার মতো প্রভাবশালীদের নাম উঠে এসেছে। এই সংঘবদ্ধ চক্রের সহায়তায় তিনি এলাকায় জমি দখল, চাঁদাবাজি ও ত্রাসের রাজত্ব কায়েম করেন।

ধূপাগুলে চাঁদাবাজির এক অভিনব মডেল তৈরি করেছিলেন নাছির। মাইশা স্টোন ক্রাশারে এক শ্রমিকের মৃত্যুর পর পুলিশের ভয় দেখিয়ে ভাতিজা রাজনের মাধ্যমে কারখানার মালিকের কাছ থেকে ৩ লাখ টাকা হাতিয়ে নেন তিনি। এছাড়াও, প্রতি দুই-তিন মাস অন্তর পুলিশ ও পরিবেশ অধিদপ্তরের অভিযানের ভয় দেখিয়ে সমিতির নামে আব্দুল হকের মাধ্যমে ব্যবসায়ীদের কাছ থেকে ৩০ থেকে ৪০ হাজার টাকা করে চাঁদা আদায় করা হতো।

তার দখলদারিত্ব থেকে রেহাই পায়নি নিরীহ মানুষ ও ক্ষুদ্র নৃগোষ্ঠী। খাদিমনগর ইউনিয়নের পাত্র সম্প্রদায়ের ব্যক্তিমালিকানাধীন জমি জাল দলিল ও ভুয়া কাগজপত্র তৈরি করে দখল করে নেয় নাছিরের সিন্ডিকেট। রাজনৈতিক প্রভাব খাটিয়ে পাত্র সম্প্রদায়ের কয়েকটি পরিবারকে জমি ও বাড়িঘর ছাড়তে বাধ্য করা হয়। এমনকি আপন চাচা কনু মিয়ার জমিও দখল করার মতো গুরুতর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

একজন সাবেক দিনমজুরের শতকোটি টাকার সম্পদের উৎস নিয়ে এখন জনমনে ব্যাপক প্রশ্ন। স্থানীয়দের দাবি, সিলেট সদরের বানাগাঁও গ্রামের মৃত আব্দুল লতিফের মেয়ে হাবিবা আক্তার মিলি এবং পরবর্তীতে খাদিমনগরের ৬ নম্বর ওয়ার্ডের হানাপাড়া গ্রামের তৈমুছ মিয়ার বোনকে বিয়ের পর স্ত্রী ও শ্যালকদের নামে-বেনামে তিনি বিপুল সম্পদের পাহাড় গড়েছেন। তার বিলাসবহুল বাড়ি ও গাড়ি নিয়ে এলাকায় চলছে জোর আলোচনা।

Manual2 Ad Code

রাজনৈতিক পটপরিবর্তনের পর অবশেষে আইনের জালে ধরা পড়েন এই মাফিয়া ডন। গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সিলেট নগরের কোর্ট পয়েন্টে শিক্ষার্থীদের ওপর হামলা ও গুলিবর্ষণের ঘটনায় গত ৫ সেপ্টেম্বর কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়, যেখানে নাছির উদ্দিনকে অন্যতম আসামি করা হয়।

অবশেষে গত ১ ডিসেম্বর র‍্যাব-৯ (বর্তমান এসআরবি-৯)-এর একটি বিশেষ অভিযানে সিলেট জেলা পরিষদের প্রধান ফটকের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। সিলেট মহানগর পুলিশের বিভিন্ন থানাতেও তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

দীর্ঘদিন ধরে চলা এই সিন্ডিকেটের শেকড় উপড়ে ফেলতে এখন প্রয়োজন প্রশাসনের কঠোর হস্তক্ষেপ। সাধারণ মানুষের জমি ও অধিকার হরণকারী নাছির উদ্দিন ও তার মদতদাতাদের সম্পদের সুষ্ঠু তদন্ত করে দুর্নীতি দমন কমিশন (দুদক), ভূমি অফিস ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছে ভুক্তভোগী এলাকাবাসী। সাধারণ মানুষের জীবিকা ধ্বংস করে গড়ে তোলা এই মাফিয়া সাম্রাজ্যের চূড়ান্ত জবাবদিহি নিশ্চিত করাই এখন রাষ্ট্রের প্রধান দায়িত্ব।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Comments are closed.

Add



© All rights reserved © tadantareport.com
Design BY Web WORK BD
ThemesBazar-Jowfhowo
Manual1 Ad Code
Manual4 Ad Code