গোয়াইনঘাট সংবাদদাতা: সিলেটের গোয়াইনঘাট থানায় আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে আপসহীন ভূমিকা রাখায় এক কর্তব্যপরায়ণ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে সংঘবদ্ধ অপপ্রচারে নেমেছে একটি স্বার্থান্বেষী মহল। সড়ক দুর্ঘটনায় দুজন নিহতের জেরে সৃষ্ট সড়ক অবরোধ নিরসনে পুলিশের মানবিক ও দায়িত্বশীল তৎপরতার ভিডিও বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হয়েছে ডাহা মিথ্যা ও বানোয়াট সংবাদ। তবে অপপ্রচারকারীদের এই ষড়যন্ত্র বেশিক্ষণ টেকেনি; ভিডিও ও ফটোকার্ড প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই প্রত্যক্ষদর্শী, স্থানীয় বাসিন্দা ও সচেতন নাগরিকদের তীব্র প্রতিবাদ ও তথ্য-প্রমাণের মুখে গুজবকারীদের মুখোশ উন্মোচিত হয়েছে।
জানা গেছে, ‘Sylhet Bangla24’ নামক একটি ফেসবুক পেজ থেকে সম্প্রতি একটি ভিডিও প্রচার করা হয়, যেখানে ভিন্ন ঘটনার দৃশ্যের নিচে ‘জয়ন্তী পান সুপারী আড়ৎ’-এর কিছু স্লিপ জুড়ে দিয়ে দাবি করা হয়—‘টোকেন বাণিজ্যে ভারতীয় চোরাই পণ্যের গাড়ি ছাড়ার অভিযোগে গোয়াইনঘাট থানার বিট অফিসার এসআই ফাত্তাহকে ঘিরে রেখেছে উত্তেজিত স্থানীয়রা’। অন্যদিকে ‘shobar desh’ (shobardesh.com) নামক আরেকটি পেজ ও অনলাইন পোর্টালসহ আরও কয়েকটি ভুঁইফোঁড় পেজ থেকে ‘পশ্চিম জাফলংয়ে চোরাচালান-চাঁদাবাজির অভিযোগ ও সিন্ডিকেট’ শীর্ষক সম্পূর্ণ ভিত্তিহীন ও কাল্পনিক সংবাদ ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা চালানো হয়।
সরেজমিনে খোঁজ নিয়ে এবং প্রত্যক্ষদর্শীদের বয়ানে উঠে এসেছে প্রকৃত সত্য। ভাইরাল করা ভিডিওটির সঙ্গে কোনো চোরাচালান, টোকেন বাণিজ্য বা চাঁদাবাজির বিন্দুমাত্র সম্পর্ক নেই। প্রকৃতপক্ষে, গত ৮ তারিখ গোয়াইনঘাটের আব্দুলমহল এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই একজন এবং গুরুতর আহত অবস্থায় সিলেটে নেওয়ার পথে আরেকজনসহ মোট দুজন প্রাণ হারান।
দুর্ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করলে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ও যাত্রীদের ভোগান্তি লাঘব করতে ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে ছুটে যান ১১ নং মধ্য জাফলং ইউনিয়নের বিট অফিসার এসআই গোলাম ফাত্তাহ মুর্শেদ চৌধুরী। তিনি উত্তেজিত জনতাকে শান্ত করে স্থানীয়দের সহযোগিতায় সড়ক অবরোধমুক্ত করেন এবং যান চলাচল স্বাভাবিক করেন। জনস্বার্থে দায়িত্ব পালনের সেই দৃশ্যকেই ভিন্ন খাতে প্রবাহিত করে মিথ্যা গল্প ফেঁদেছে অপপ্রচারকারী চক্র।
স্থানীয় সচেতন মহলের মতে, এসআই গোলাম ফাত্তাহ মুর্শেদ চৌধুরী গোয়াইনঘাটে দায়িত্ব পালনে অত্যন্ত নির্ভীক ও কঠোর হিসেবে পরিচিত। সম্প্রতি তিনি ৩টি গরু উদ্ধার ও এ ঘটনায় ১ জনকে গ্রেপ্তারসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মামলার আসামিদের আইনের আওতায় এনেছেন। এর আগেও দেশব্যাপী আলোচিত ‘রঞ্জিত কাণ্ডে’র আসামিদের গ্রেপ্তারে তাঁর সাহসী ভূমিকা ছিল সর্বজনবিদিত। এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় আপসহীন থাকায় এবং অপরাধীদের স্বার্থে আঘাত লাগায় অসৎ উদ্দেশ্যে ও ব্যক্তিস্বার্থ চরিতার্থ করতে একটি কুচক্রী মহল তাঁর মনোবল ভাঙতে এই ডিজিটাল অপপ্রচারে নেমেছে বলে ধারণা করা হচ্ছে।
ভুয়া সংবাদ ও বিকৃত ভিডিও ছড়িয়ে পড়ার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদের ঝড় ওঠে। ঘটনাস্থলে উপস্থিত থাকা প্রত্যক্ষদর্শী এমডি ইমরান আহমেদ সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে জানিয়েছেন, সড়ক দুর্ঘটনায় দুজন মারা যাওয়ার পর রাস্তা ক্লিয়ার করতে গিয়েছিলেন এসআই ফাত্তাহ; সেই ভিডিও দিয়ে সম্পূর্ণ ভুয়া ও ভিত্তিহীন নিউজ করা হয়েছে।
একইভাবে মহিবুর রহমান দুর্ঘটনার প্রকৃত বিবরণ তুলে ধরে এই মিথ্যাচারের তীব্র নিন্দা জানিয়েছেন। আমিনুল ইসলাম ও জুবায়ের আহমদ সাব্বির নিশ্চিত করেছেন যে ভিডিওটি গত ৮ তারিখের দুর্ঘটনাস্থলের এবং যানজট নিরসনেই পুলিশ সেখানে গিয়েছিল। এম এস সিদ্দিকী ও জুবায়ের আনজুম একে নির্জলা ‘ভুয়া নিউজ’ আখ্যা দিয়ে অপপ্রচারকারীদের ভর্ৎসনা করেন। অন্যদিকে মামুনুর রশিদ মামুন এই উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের নেপথ্য কারণ নিয়ে প্রশ্ন তুলে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন, অতীতে লিয়াকত কারবার করলেও একটি দিন নিউজ হয়নি, তবে এখন এসব অপপ্রচারের পেছনে কি কেবলই আর্থিক স্বার্থ?
স্থানীয় বাসিন্দা লুকমান আহমেদ তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, ব্যক্তিগত আক্রোশ থেকে গুজব ছড়িয়ে একজন সৎ ও নির্ভীক পুলিশ কর্মকর্তার ব্যক্তিগত জীবন ও পেশাগত সুনাম ক্ষুণ্ন করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তার চরিত্রহননের এমন হীন অপচেষ্টা কেবল ব্যক্তিবিশেষের সম্মানহানি নয়, বরং মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভালো কাজের স্পৃহা ও মনোবল ধ্বংসের শামিল বলে মনে করছেন গোয়াইনঘাটের সুধীজন। কারও বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তা তথ্য-প্রমাণসহ যথাযথ কর্তৃপক্ষের কাছে উপস্থাপনের দাবি জানিয়ে অপসাংবাদিকতা, ডিজিটাল প্রতারণা ও গুজব রটনাকারীদের চিহ্নিত করে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন স্থানীয় সাংবাদিক ও সচেতন নাগরিকরা।