নিজস্ব প্রতিবেদক: সিলেটে আদালতের সুস্পষ্ট নিষেধাজ্ঞা ও স্থিতাবস্থার আদেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দেড় কোটি টাকা মূল্যের একটি বিরোধপূর্ণ বাড়িতে তালা ঝুলিয়ে দেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, খোদ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতেই আদালতের আদেশ অমান্য করার এই ঘটনা ঘটেছে। নগরের বাগবাড়ী মৌজার মদিনা মার্কেট নিকুঞ্জ আবাসিক এলাকায় ঘটা এই ঘটনায় স্থানীয় প্রশাসন ও কোতোয়ালী মডেল থানা পুলিশের ভূমিকা নিয়ে তীব্র প্রশ্ন ও জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
আদালত ও নথিপত্র সূত্রে জানা যায়, বাগবাড়ী মৌজার এসএ ৭৮৯ ও বিএস ৩৪২২ নম্বর খতিয়ানের অন্তর্ভুক্ত (এসএ দাগ ১০৭৮ ও বিএস দাগ ৩৪৩৪) ০.০৫৫০ একর জমির মালিকানা ও দখল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এর পরিপ্রেক্ষিতে জমির দাবিদার মো. শাহজাহানের আমমোক্তার রিপন চৌধুরী সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আদালত-২-এ ফৌজদারি কার্যবিধির ১৪৫ ধারায় মামলা দায়ের করেন।
মামলাটি আমলে নিয়ে গত ১০ নভেম্বর ২০২৬ তারিখে আদালত নালিশি জমিতে কঠোরভাবে ‘স্থিতাবস্থা’ বজায় রাখার আদেশ দেন। একই সঙ্গে কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও স্থিতাবস্থা নিশ্চিত করার সুনির্দিষ্ট নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি সহকারী কমিশনার (ভূমি)-সদরকে দখলবিষয়ক স্পষ্ট মতামতসহ প্রতিবেদন দাখিল এবং বিবাদীপক্ষকে আগামী ২৪ ডিসেম্বর ২০২৬ তারিখে কারণ দর্শানোর নির্দেশ দেন আদালত।
কিন্তু আদালতের সেই আদেশ কার্যত কাগজে-কলমেই সীমাবদ্ধ রয়ে গেছে। ভুক্তভোগী বাদীপক্ষের অভিযোগ, বৈধ ক্রয়সূত্রে মালিক হয়ে দীর্ঘদিন শান্তিপূর্ণভাবে ভোগদখলে থাকা সত্ত্বেও, আদালতের স্থিতাবস্থার আদেশ বলবৎ থাকা অবস্থায় পুলিশের উপস্থিতিতেই ওই বাসায় তালা লাগিয়ে সম্পত্তি নিয়ন্ত্রণে নেওয়ার অপচেষ্টা চালানো হয়। আদালতের আদেশ বাস্তবায়নের বদলে পুলিশের উপস্থিতিতে কীভাবে বিরোধপূর্ণ স্থাপনায় তালা ঝোলানো হলো—তা নিয়ে এখন নানা মহলে রহস্য ঘনীভূত হয়েছে।
এদিকে ফৌজদারি মামলার পাশাপাশি জমির স্বত্ব নির্ধারণে সিলেটের যুগ্ম জেলা জজ ২য় আদালতে মোছাম্মৎ জোছনা বেগম কোরেশীকে বিবাদী করে একটি স্বত্ব মোকদ্দমাও (নং-৩৫১/২০২৬) দায়ের করেছে বাদীপক্ষ। মামলার আরজিতে ১৯৬৮ সালের ৫৬৭ নম্বর মোকদ্দমার রায়, ১৯৭৩ সালের ২৮ আগস্ট আরডিসি আদালতের আদেশ এবং পরবর্তী সময়ে ১৯৯২ ও ১৯৯৭ সালের একাধিক বৈধ দলিল ও আমমোক্তারনামার (নং-৬৮৮০) ধারাবাহিকতায় দয়াল চরন গোয়ালার রেকর্ডীয় সম্পত্তি থেকে মো. শাহজাহানের মালিকানা অর্জনের তথ্য তুলে ধরা হয়েছে।
অন্যদিকে, ২০২৬ সালের ১ জুন জোনাল সেটেলমেন্ট অফিসের রেকর্ড যাচাই করতে গিয়ে বিবাদী জোছনা বেগম কোরেশীর নামে ডিপি ৪৮৪০ নম্বর খতিয়ানে ০.০৫৬০ একর জমি রেকর্ডভুক্ত হওয়ার বিষয়টি বাদীপক্ষের নজরে আসে। ওই রেকর্ডের মন্তব্য কলামে ২০০৩ সালের ২৩ এপ্রিল সম্পাদিত ৫৮৮৯ নম্বর দলিলের উল্লেখ রয়েছে। ১২ জুন ২০২৬ তারিখে দলিলটির সার্টিফায়েড কপি সংগ্রহের পর বাদীপক্ষ দাবি করে, উক্ত দলিলদাতার ওই জমিতে কোনো বৈধ স্বত্ব বা দখলই ছিল না। ফলে প্রশ্নবিদ্ধ ও অবৈধ ৫৮৮৯/২০০৩ নম্বর দলিলটি বাতিল ও অকার্যকর ঘোষণার জন্য আদালতের শরণাপন্ন হয়েছেন তারা।
একদিকে দেওয়ানি আদালতে স্বত্বের লড়াই, অন্যদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতের ১৪৫ ধারার নিষেধাজ্ঞা—আইনের এমন দ্বিমুখী সুরক্ষা বলয়ের মধ্যেও বাসায় তালা দেওয়ার ঘটনা সরাসরি আদালত অবমাননার শামিল বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আদালতের নির্দেশ অমান্য করে তালা ঝোলানোর নেপথ্যে কারা জড়িত এবং সেখানে পুলিশের উপস্থিতির প্রকৃত উদ্দেশ্য কী ছিল—তা অবিলম্বে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে উদ্ঘাটন করে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।