নিজস্ব প্রতিবেদক: সিলেটের শাহপরান (রহঃ) থানা এলাকায় পুলিশের এক সাঁড়াশি অভিযানে অভিনব কায়দায় পাচারকালে বালুভর্তি কার্গো ট্রাক থেকে অবৈধ ভারতীয় মদের চালান জব্দ করা হয়েছে। এ সময় মাদক পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে ট্রাকের চালক ও হেলপারকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) দেওয়া তথ্যমতে, গতকাল ২১ সেপ্টেম্বর (সোমবার) রাত পৌনে ১১টার দিকে শাহপরান (রহঃ) তদন্ত কেন্দ্রের সহকারী ইনচার্জ এসআই (নিঃ) মো. মাসুদ মিয়ার নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল সিলেট-তামাবিল মহাসড়কের দাসপাড়া এলাকায় চেকপোস্ট স্থাপন করে। মেসার্স ইসলাম ব্রাদার্স নামক প্রতিষ্ঠানের সামনে তল্লাশিকালে একটি হলুদ রঙের বালুভর্তি কার্গো ট্রাকের (যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ট-১২-৬৮৫৮) গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ সেটি থামায়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে বালুর আড়ালে লুকিয়ে রাখা অবৈধ ভারতীয় মদের এই চালানটি জব্দ করা হয়।
উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে ১১ বোতল রয়েল স্ট্যাগ ডিলাক্স হুইস্কি (ROYAL STAG DELUXE WHISKY), ৯ বোতল রয়েল গ্রিন ডিলাক্স ব্লেন্ডেড হুইস্কি (ROYAL GREEN DELUXE BLENDED WHISKY) এবং ৭ বোতল আইস ভদকা (ICE VODKA) সহ সর্বমোট ২৭ বোতল ভারতীয় মদ।
গ্রেফতারকৃত মাদক কারবারিরা হলো, গাজীপুর জেলার কালীগঞ্জ থানার আদি জাঙ্গালিয়া (গাজীবাড়ী) গ্রামের আফসার উদ্দিন মীরের ছেলে ও ট্রাকচালক মো. সামছুল হক মীর (২৮) এবং একই থানার দেওপাড়া গ্রামের মো. সালাউদ্দিন আহমেদের ছেলে ও হেলপার মো. নাহিদ মিরাজী (২০)।
শাহপরান (রহঃ) থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস জানিয়েছে, এ ঘটনায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ২৪(খ)/৩৮/৪১ ধারায় একটি মামলা রুজু করা হয়েছে (মামলা নং-৩২, তারিখ-২২/০৯/২০২৬ খ্রি.)। গ্রেফতারকৃত আসামীদের আজ মঙ্গলবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো-টলারেন্স নীতির ভিত্তিতে এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।