বিজ্ঞপ্তি: সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ও কিছু গণমাধ্যমে সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং এলাকার পরিচিত মুখ ও বিশিষ্ট ব্যবসায়ী কালাকে জড়িয়ে একটি মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রচারিত হয়েছে। প্রচারিত ওই ভিডিও প্রতিবেদনে তাকে সীমান্ত এলাকার চোরাচালানের ‘লাইনম্যান’ এবং পুলিশ ও ডিবি’র নাম ভাঙিয়ে চাঁদাবাজির সাথে জড়িত বলে যে দাবি করা হয়েছে, তা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত ও কাল্পনিক। এই মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ী কালা।
এক প্রতিবাদলিপিতে কালা জানান, “আমি দীর্ঘদিন ধরে এলাকায় অত্যন্ত সুনাম ও সততার সাথে বৈধভাবে ব্যবসা-বাণিজ্য পরিচালনা করে আসছি। কঠোর পরিশ্রম ও সততার মাধ্যমে একজন সাধারণ অবস্থান থেকে আজ আমি নিজেকে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে গড়ে তুলেছি। কিন্তু আমার এই ব্যবসায়িক সাফল্য ও সামাজিক সুনামে ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রী মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।”
প্রতিবাদলিপিতে তিনি আরও উল্লেখ করেন, “প্রচারিত ভিডিওতে গোয়াইনঘাট সীমান্ত দিয়ে ভারতীয় চিনি, চা-পাতা, কসমেটিকস ও মাদকসহ অবৈধ পণ্য প্রবেশের সাথে আমাকে জড়িয়ে এবং আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় সাংবাদিকদের নাম উল্লেখ করে বখরা প্রদানের যে কল্পকাহিনী সাজানো হয়েছে, তার সাথে বাস্তবতার কোনো মিল নেই। আমি কখনোই কোনো প্রকার চোরাচালান, অবৈধ লাইন পরিচালনা কিংবা চাঁদাবাজির সাথে জড়িত ছিলাম না এবং বর্তমানেও নেই। মূলত সমাজে আমাকে হেয়প্রতিপন্ন করতে এবং আমার ব্যবসায়িক ক্ষতি সাধন করতেই প্রতিপক্ষ মহলটি গণমাধ্যমকর্মীদের ভুল তথ্য দিয়ে এই অপপ্রচার চালাচ্ছে।
ভুক্তভোগী ব্যবসায়ী কালা এ ধরনের মিথ্যা, বানোয়াট ও মানহানিকর সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সর্বস্তরের জনসাধারণের প্রতি বিনীত অনুরোধ জানিয়েছেন। একই সাথে তিনি বস্তুনিষ্ঠ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য তুলে ধরার জন্য সাংবাদিক সমাজের প্রতি আহ্বান জানান এবং ভবিষ্যতে এ ধরনের অপপ্রচার অব্যাহত থাকলে মিথ্যা তথ্য সরবরাহকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করেন।