বিজ্ঞপ্তি: সম্প্রতি জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’ পত্রিকায় সিলেটের স্বনামধন্য প্রাইম হাসপাতালের দুই চিকিৎসকের বিরুদ্ধে প্রকাশিত চরম মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। একটি স্বার্থান্বেষী ও কুচক্রী মহল নিজেদের চরম অপকর্ম, আর্থিক দুর্নীতি ও পেশাগত ব্যর্থতা আড়াল করতেই চিকিৎসকদের বিরুদ্ধে এই জঘন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলে সুস্পষ্ট।
একইসাথে, কুচক্রী মহলের সরবরাহ করা তথ্যের ভিত্তিতে এই বানোয়াট সংবাদ প্রকাশের জেরে গভীর দুঃখ প্রকাশ করেছে ‘তদন্ত রিপোর্ট’ কর্তৃপক্ষ।
গত ৬ সেপ্টেম্বর তদন্ত রিপোর্ট পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক এর নিকট হাসপাতাল কর্তৃপক্ষের এই প্রতিবাদলিপি এসে পৌঁছায়। পূর্ব প্রকাশিত সংবাদটির বিষয়ে তিনি গভীর দুঃখ প্রকাশ করে বলেন, “মূলত একটি কুচক্রী মহল তাদের হীনস্বার্থ হাসিলের উদ্দেশ্যে আমাদের মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে এই বিভ্রান্তিকর পরিস্থিতির সৃষ্টি করেছে।” তিনি ডা: মোঃ জাকির হোসেন-এর নিকট আন্তরিক দুঃখ প্রকাশ করেন এবং পূর্বে প্রকাশিত ওই ষড়যন্ত্রমূলক সংবাদে পাঠকসহ সংশ্লিষ্ট কাউকে বিভ্রান্ত না হওয়ার জন্য বিনীত অনুরোধ জানান।
গত ৩১ আগস্ট ২০২৬ তারিখে ‘তদন্ত রিপোর্ট’ পত্রিকার ২৯তম সংখ্যার প্রথম পাতায় ও অনলাইন সংস্করণে “প্রাইম হাসপাতালের দুই চিকিৎসকের ভিডিও ফাঁস” শীর্ষক একটি সম্পূর্ণ ভিত্তিহীন সংবাদ প্রকাশ করা হয়। এর প্রেক্ষিতে প্রাইম হাসপাতালের ভাইস চেয়ারম্যান ডা. মো: জাকির হোসেন এক কড়া বিবৃতিতে বলেন, “সংবাদমাধ্যমে প্রকাশিত ভিত্তিহীন তথ্য, বিভ্রান্তিকর বক্তব্য ও ভুয়া পরিসংখ্যানের সঙ্গে বাস্তবতার বিন্দুমাত্র সম্পর্ক নেই। নারী সহকর্মীর সাথে আমার সম্পর্ক সম্পূর্ণ পেশাগত, সম্মানের এবং মর্যাদার।”
তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে জানান, উদ্দেশ্যপ্রণোদিতভাবে চিকিৎসকদের পেশাগত মর্যাদা ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ণ করার এই হীন অপচেষ্টা কোনোভাবেই বরদাশত করা হবে না। এটি মূলত সমাজে চিকিৎসকদের হেয় প্রতিপন্ন করার এক গভীর ও পরিকল্পিত নীলনকশা। যারা সংবাদকর্মীদের কাছে এ ধরনের ডাহা মিথ্যা ও বানোয়াট তথ্য সরবরাহ করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে, তাদের এই ঘৃণ্য কাজের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
ইতিমধ্যেই গত ৬ সেপ্টেম্বর সংশ্লিষ্ট পত্রিকার সম্পাদক বরাবর এই জঘন্য অপপ্রচারের বিস্তারিত প্রতিবাদলিপি পাঠিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
ষড়যন্ত্রকারীদের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে ডা. জাকির হোসেন বলেন, “আমাদের পেশাগত ও ব্যক্তিগত সুনাম ক্ষুণ্ণ করার এই জঘন্য অপচেষ্টায় জড়িত ভুয়া তথ্য প্রচারকারী ও মূল ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে অচিরেই কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।” একইসাথে এই ধরনের ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও মনগড়া অপপ্রচারে কান না দিয়ে সংশ্লিষ্ট সকলকে বিভ্রান্তি থেকে দূরে থাকার উদাত্ত আহ্বান জানান তিনি।
বিনীত:-
ডা. মোঃ জাকির হোসেন
ভাইস চেয়ারম্যান, প্রাইম হাসপাতাল, সিলেট